Home / খবর / খেলা / বরানগরের দেওয়ালে এক টুকরো বিশ্বকাপ

বরানগরের দেওয়ালে এক টুকরো বিশ্বকাপ

মুকুট তপাদার

‘পায়ের জাদুতে কাটে ডিফেন্ডার,
গ্যালারি জুড়ে শুধু আলোর রোশনাই।
বাঙালির রক্তে মিশে আছে ফুটবল,
এ খেলায় হার-জিত তো শুধু বাহানা…’

ঘোষিত হয়ে গেছে ২০২৬-এর ফিফা বিশ্বকাপ ফুটবলের সূচি। ১১ জুন থেকে বলে পড়ছে পা। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে আয়োজক দেশ। এবারে ফাইনাল ১৯ জুলাই। গ্রুপ-‘এ’তে আছে মেক্সিকো। গ্রুপ-‘সি’তে ব্রাজিল। জার্মানি গ্রুপ-‘ই’। আর্জেন্টিনা গ্রুপ-‘জে’। বিশ্বকাপ এলে শহরের দেওয়ালে রাস্তাঘাট জুড়ে মেসি-নেইমারদের ছবি ফুটে ওঠে। রাত জেগে খেলা দেখা আর প্রিয় দলের সমর্থনে তর্কের ঝড় তোলা যা বাঙালির চেনা ছবি। তখন সুদূর ব্রাজিল ও আর্জেন্টিনা এদেশেরই আপন পাড়া হয়ে যায়।

বরানগরের মতিলাল মল্লিক লেনে বিশ্বকাপের সময় বিভিন্ন দেশের পতাকা ও তারকা ফুটবলারদের নিয়ে সুদৃশ্য এক দেওয়াল চিত্র আঁকা হয়েছে। দেওয়াল চিত্রের অন্য নাম গ্রাফিত্তি। ২০২৬-এর বিশ্বকাপে বাড়ির নিজের দেওয়ালে নানা চিত্র এঁকেছেন শিল্পী হর্ষিত ব্যানার্জি।

দেওয়ালে নিজের হাতে ফুটিয়ে তুলছেন বিশ্বকাপের নানারকম চিত্র। যার বিষয়বস্তু হলো টুর্নামেন্টে মাঠ-কাঁপানো খেলোয়াড়রা। কে নেই সেখানে, ব্রাজিলের তারকা খেলোয়াড় থেকে নেইমারের ছবি। রঙতুলির পোঁচে দেওয়াল জুড়ে আঁকা হয়েছে আর্জেন্টিনার লিওনেল মেসি, ব্রাজিলের নেইমার, এমনকি ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। আর আছেন সর্বকালের সেরা মারাদোনা। খেলোয়াড়দের চিত্রগুলো পথচারীদের আকৃষ্ট করছে।

বরাহনগরে হর্ষিত ব্যানার্জির কথায়, ‘বাড়ির নিজের দেওয়ালে আঁকা ফুটবল বিশ্বকাপ উপলক্ষে দেওয়ালে বিভিন্ন দেশের পতাকা দেখে ছোট বাচ্চারাও সহজেই চিনে নিচ্ছে দূর-দূরান্তের অচেনা সব দেশ। খেলার ছলে যেন তারা বিশ্বকে চিনছে।’ এক মাসব্যাপী বিশ্বকাপ টুর্নামেন্টে ট্রফি জয়ের লক্ষ্যে চূড়ান্ত ফলাফল হবে ১৯ জুলাই রবিবার মেটলাইফ স্টেডিয়ামে।

ছবি : দেবাশীষ নাগ

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *