Home / খবর / জেলায় জেলায় / তিন দিনে তিন জন বাঘের হামলার শিকার সুন্দরবনে, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআর-এর

তিন দিনে তিন জন বাঘের হামলার শিকার সুন্দরবনে, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআর-এর

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: সুন্দরবনে ফের বাঘের হামলার ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। পরপর তিন দিনে তিন জন মৎস্যজীবী বাঘের আক্রমণের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থায় কলকাতার এসএসকেএম (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন।

আহত মৎস্যজীবীর নাম গোপাল নস্কর। জানা গিয়েছে, পাঁচ দিন আগে তিনি আরও চার জন সঙ্গীকে নিয়ে কাঁকড়া ধরতে সুন্দরবনের গভীর জঙ্গলে গিয়েছিলেন। সেই সময় পিছন দিক থেকে একটি বাঘ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। সঙ্গীরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে বাঘটি সরে যায়। পরে তাঁকে উদ্ধার করে ফিরিয়ে আনা হয়। মঙ্গলবার তাঁকে জয়নগর-কুলতলি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে স্থানান্তরিত করা হয়।

এদিকে, সোমবার কুলতলিতে বাঘের আক্রমণে নিহত গোষ্ঠবিহারী জানার দেহ গ্রামে আনা হয়। অন্যদিকে, রবিবার থেকে নিখোঁজ রয়েছেন গোপাল চক্রবর্তী। তাঁর খোঁজে তল্লাশি চলছে।

জলে-জঙ্গলে ঘেরা সুন্দরবনে বিকল্প কর্মসংস্থানের অভাবে জীবিকার তাগিদে বহু মানুষ এখনও গভীর জঙ্গলে মাছ ও কাঁকড়া ধরতে যান। সেই কারণেই প্রায়শই তাঁদের বাঘের হামলার মুখে পড়তে হচ্ছে।

দীর্ঘদিন ধরে সুন্দরবনের মৎস্যজীবীদের অধিকার রক্ষার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে মানবাধিকার সংগঠন এপিডিআর। সংগঠনের সহ-সভাপতি রঞ্জিত শূর মঙ্গলবার বলেন, “২০২৬ সালে এখনও পর্যন্ত বাঘের আক্রমণে ১০ জন মৎস্যজীবী আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে এবং ২ জন গুরুতর আহত। আমরা দাবি করছি, আহতদের চিকিৎসার সমস্ত খরচ সরকারকে বহন করতে হবে। চিকিৎসা চলাকালীন ও সুস্থ না হওয়া পর্যন্ত তাঁদের পরিবারের ভরণপোষণের দায়িত্বও নিতে হবে। আর্থিক সংকটের কারণে যাতে শিশুদের পড়াশোনা বন্ধ না হয়, সেদিকেও প্রশাসনকে নজর দিতে হবে। পাশাপাশি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।”

তবে এই বিষয়ে জেলা বন দফতরের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *