উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবার : ফলতা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর ডায়মন্ড হারবারের রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা। সোমবার ডায়মন্ড হারবার পুরসভার ৮ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগপত্র জমা দেন । এর ফলে ১৬ ওয়ার্ডের পুরবোর্ডের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পদত্যাগী কাউন্সিলরদের অভিযোগ, পুরসভায় দীর্ঘদিন ধরে আর্থিক দুর্নীতি চলছিল। পাশাপাশি প্রতিবাদ করতে গেলে তাঁদের উপর পুলিশ ও প্রশাসনের চাপ এবং মানসিক অত্যাচার করা হত। ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত সাহা অভিযোগ করেন, প্রায় ৪০০ কোটি টাকার একটি প্রকল্প বোর্ড মিটিং ছাড়াই অনুমোদন করা হয়। ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তমাল হালদারও পুলিশের বিরুদ্ধে গুরুতর নির্যাতনের অভিযোগ তুলেছেন।
যাঁরা পদত্যাগ করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন দিব্যেন্দু হালদার, মঞ্জু মণ্ডল, তমাল হালদার, মৃদুল হালদার, স্বপন দাস, অলক হালদার, অমিত সাহা ও দেবকী হালদার। তাঁদের দাবি, নির্বাচিত পুরসভা হলেও কার্যত পুলিশ ও প্রশাসনই সমস্ত সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করত।
যদিও পদত্যাগী কাউন্সিলররা জানিয়েছেন, আপাতত তাঁদের বিজেপিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা নেই। অন্যদিকে বিজেপি নেত্রী কৃষ্ণা বেরা বলেন, এ বিষয়ে তাঁদের কাছে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য নেই।
পুর চেয়ারম্যান প্রণব দাস জানিয়েছেন, ৮ জন কাউন্সিলরের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে।









