Home / খবর / জেলায় জেলায় / নির্জন জায়গায় নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে অন্ডালে ব্যাপক চাঞ্চল্য, ২৪ ঘণ্টার মধ্যে ধৃত দুই

নির্জন জায়গায় নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে অন্ডালে ব্যাপক চাঞ্চল্য, ২৪ ঘণ্টার মধ্যে ধৃত দুই

অন্ডাল ও দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের অন্ডালে এক ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্ডাল থানা এলাকার এক নাবালিকা বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকাকালীন দুই যুবক তাকে ভয় দেখিয়ে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে যায়। অভিযোগ, সেখানে নাবালিকার উপর শারীরিক নির্যাতন চালানো হয়। পরে তাকে অসহায় অবস্থায় ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায় বলে অভিযোগ পরিবারের।
ঘটনার পর নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অন্ডাল থানার বনবহাল ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই অন্ডাল থানার পুলিশ দ্রুত তদন্তে নেমে সোমবার সন্ধ্যায় দুই অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতদের নাম সুরজ বাউরি ও বিশাল ডোম। তারা দু’জনেই অন্ডাল থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
মঙ্গলবার সকালে ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে খবর, ঘটনার পূর্ণ তদন্ত ও অন্যান্য তথ্য সংগ্রহের স্বার্থে অভিযুক্তদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে আদালতে।
এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের বক্তব্য, “এ ধরনের নৃশংস ঘটনা সমাজের পক্ষে লজ্জাজনক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”
পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। নির্যাতিতার শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে বলে সূত্রের খবর।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *