Home / খবর / জেলায় জেলায় / ফলতার উপনির্বাচন থেকে কেটে পড়লেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান

ফলতার উপনির্বাচন থেকে কেটে পড়লেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, ফলতা : ভোট প্রচারের শেষ দিনেই পুনর্নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তিনি জানান, ফলতার উন্নয়ন ও শান্তির স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে অভিষেক ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত জাহাঙ্গীর খান এদিন বলেন, “আমি ফলতার ভূমিপুত্র। চাই ফলতা ভালো থাকুক এবং আরও উন্নয়ন হোক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নের জন্য বিশেষ প্যাকেজ দিচ্ছেন। সেই কারণেই আগামী ২১ মে-র পুনর্নির্বাচনের লড়াই থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।”

প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে ফলতায় ব্যাপক সন্ত্রাস, ইভিএমে কালি লাগানো এবং বোতামে টেপ লাগানোর অভিযোগ উঠেছিল। যদিও এদিন জাহাঙ্গীর খান দাবি করেন, ওই ঘটনাগুলির সঙ্গে তাঁর কোনও যোগ নেই এবং কারা এসব করেছে তা তাঁর জানা নেই।

তবে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রার্থী হিসেবে নাম প্রত্যাহারের নির্দিষ্ট সময়সীমা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। ফলে ইভিএমে তৃণমূল কংগ্রেসের প্রতীক ও জাহাঙ্গীর খানের নামই থাকবে। তাই এই সরে দাঁড়ানো কার্যত ব্যক্তিগত সিদ্ধান্ত বলেই রাজনৈতিক মহলের মত।

জাহাঙ্গীর খানের এই ঘোষণার পর ফলতার নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের একাংশের মতে, এতে বিজেপি প্রার্থীর লড়াই অনেকটাই সহজ হয়ে গেল।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *