দুর্গাপুর ও আসানসোল: এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পশ্চিম বর্ধমান জেলার সেরা স্কুল হিসেবে উঠে এল দুর্গাপুরের ভিড়িঙ্গি টিএন ইন্সটিটিউশন। এই স্কুলের ছাত্র অভিমুন্য সিং ৪৮৮ নম্বর পেয়ে (৯৭.৬%) রাজ্যের মেধাতালিকায় নবম স্থান অধিকার করেছে। একই সঙ্গে সে পশ্চিম বর্ধমান জেলারও প্রথম স্থান দখল করে জেলার মুখ উজ্জ্বল করেছে।
ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের প্রকাশিত জেলা ভিত্তিক প্রথম দশের মেধাতালিকায় এ বছর পশ্চিম বর্ধমান জেলা থেকে মোট ১৮ জন স্থান পেয়েছে। ফলে জেলার শিক্ষা মহলে খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে।
জেলার দ্বিতীয় স্থানে রয়েছে আসানসোল চেলিডাঙ্গা হাইস্কুলের অভিধ্যা আচার্য। তার প্রাপ্ত নম্বর ৪৮১ (৯৬.২%)। যৌথভাবে জেলার তৃতীয় হয়েছে ফরিদপুর পানসিউলি হাইস্কুলের সম্পূর্ণা হুই এবং আসানসোল মনিমালা গার্লস হাইস্কুলের অম্বালি চট্টোপাধ্যায়। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৪৭৯ (৯৫.৮%)।
জেলার চতুর্থ স্থানে রয়েছে বার্নপুর শান্তিনগর বিদ্যামন্দিরের প্রীতম মণ্ডল। তার প্রাপ্ত নম্বর ৪৭৭। পঞ্চম স্থানে জামুড়িয়ার সত্তর হাইস্কুলের তমন্না খাতুন, পেয়েছে ৪৭৬ নম্বর।
জেলার ষষ্ঠ স্থানে যৌথভাবে রয়েছে চারজন পরীক্ষার্থী — রানিগঞ্জ হাইস্কুলের সায়ন মিত্র, দুর্গাপুর তারকনাথ হাইস্কুলের যীশু মাড্ডি, কুলটি গার্লস হাইস্কুলের শ্যামাশ্রী ওঝা এবং এমএএমসি টাউনশিপ মডার্ন হাইস্কুলের অর্নবী কর্মকার। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৭৩।
সপ্তম স্থানে রয়েছে তিনজন, রানিগঞ্জ উর্দু হাইস্কুলের ফাহাদ আবু, বার্নপুর গার্লস হাইস্কুলের অর্চনা গুপ্ত ও কুলটি গার্লস হাইস্কুলের রাজলক্ষ্মী নন্দী। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৭০।
অষ্টম স্থানে রয়েছে আসানসোল চেলিডাঙ্গা হাইস্কুলের অনুজ লুই দত্ত, তার প্রাপ্ত নম্বর ৪৬৮। নবম স্থানে এমএএমসি টাউনশিপ মডার্ন হাইস্কুলের সৌমিক মুখোপাধ্যায়, পেয়েছে ৪৬৭ নম্বর।
জেলার দশম স্থানে যৌথভাবে রয়েছে কুলটি গার্লস হাইস্কুলের কৌশিকী রায়, সীতারামপুর নারীন ডাঙা রাষ্ট্রীয় বিদ্যালয়ের মুশকান কুমারী সিন্দুরিয়া এবং বিধাননগর গভর্নমেন্ট স্পনসর্ড বয়েজ হাইস্কুলের দেবজ্যোতি চট্টোপাধ্যায়। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৬৫।
অন্যদিকে, বিভিন্ন স্কুলের ফলাফলও নজর কেড়েছে। আসানসোল চেলিডাঙ্গা হাইস্কুল থেকে ২১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৭ জন পাশ করেছে। উমারানি গড়াই মহিলা কল্যাণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ১২৭ জন পরীক্ষার্থীর সবাই সফল হয়েছে। সেখানে কলা বিভাগে দীপান্বিতা কর ৪৬২ এবং বিজ্ঞান বিভাগে অন্নপূর্ণা বিস্টু ৪৫১ নম্বর পেয়ে স্কুলের সেরা হয়েছে।
আসানসোল কলেজিয়েট স্কুলে ১৩১ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। বাণিজ্য বিভাগের এলিনা থমাস সর্বোচ্চ ৪৩৪ নম্বর পেয়েছে।
বার্নপুর সুভাষ পল্লী বিদ্যানিকেতন থেকেও ভালো ফল হয়েছে। ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৮ জন পাশ করেছে। বিজ্ঞান বিভাগের স্বর্ণদ্বীপ রায় সর্বোচ্চ ৪২৯ নম্বর পেয়েছে।
এবারের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর জেলার বিভিন্ন স্কুলে শুরু হয়েছে আনন্দ ও উচ্ছ্বাস। সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষা মহল।










