কাঁকসা: নিখোঁজ হওয়ার অভিযোগ পেয়ে তৎপরতার সঙ্গে কয়েক ঘন্টার মধ্যেই ৩ নাবালককে উদ্ধার করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানার পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল কাঁকসার শেরপুরের ৩ নাবালক। বৃহস্পতিবার সারা রাত তাদের খুঁজে না পেয়ে শুক্রবার পরিবারের সদস্যরা কাঁকসা থানার পুলিশের দারস্ত হন।সেই অভিযোগ পাওয়ার পরেই কাঁকসা থানার পুলিশ নিখোঁজ ওই তিন নাবালকের সন্ধানে নামে।প্রায় ৩ ঘন্টার মধ্যে ৩ নাবালককে দুর্গাপুর থেকে উদ্ধার করে কাঁকসা থানার পুলিশ। এর পরেই তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।
শুক্রবার রাতে আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (কাঁকসা) ও কাঁকসা থানার আইসি পরিবারের সদস্যদের কাঁকসা থানায় পরিবারের সদস্যদের হাতে ওই ৩জনকে তুলে দেন।
কাঁকসার শেরপুরের বাসিন্দা পারুল রুইদাস জানিয়েছেন,তার দুই ছেলে এক জনের বয়স ১১বছর ও অন্যজনের ১০ বছর । প্রতিবেশী এক নাবালকের সাথে তারা বাড়ি থেকে বেরিয়ে দুর্গাপুরে চলে যায়। তিনি বলেন, এর পর রাতে বাড়ি না ফেরার খোঁজ শুরু করি আমরা। কিন্তু তাদের কোনও খোঁজ না পাওয়ায় শুক্রবার দুপুরে কাঁকসা থানার পুলিশের দারস্থ হই।কাঁকসা থানার পুলিশ তৎক্ষণাৎ তাদের সন্ধানে নেমে ৩জনকে উদ্ধার করে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ ও তিনজনের পরিবারের সদস্যরা।









