অন্ডাল : ভোটের জন্য গত ১৫ দিনেরও বেশি সময় ধরে পশ্চিম বর্ধমান জেলায় নির্বাচন কমিশনের নির্দেশ মতো আন্তঃরাজ্য ও আন্তঃজেলা চেকপোস্ট নাকা চেকিং চলছে। বলতে গেলে সব ধরনের গাড়ি থামিয়ে চলছে তল্লাশি। সেই মতো বুধবার দুপুর দেড়টা নাগাদ অন্ডালের চনচনি এলাকায় উখড়া ফাঁড়ির পুলিশ নাকা পয়েন্টে সন্দেহজনক এক মোটরবাইক আরোহীকে দাঁড় করিয়ে তল্লাশি চালায়। তাতে তার কাছ থেকে উদ্ধার হয় ২ লক্ষ ৭৩ হাজার টাকা। ভোটের গাইডলাইন অনুযায়ী ভোটের দিন ঘোষণার পর থেকেই একসঙ্গে পঞ্চাশ হাজার টাকার বেশি কেউ বহন করতে পারবে না এমনই নির্দেশ রয়েছে। সেই নির্দেশ অমান্য করে এত টাকা নিয়ে কোথায় যাচ্ছিল তার সদুত্তর না মেলায় টাকাগুলি বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, যে মোটরবাইক চালকের কাছ থেকে এত বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে তিনি দুর্গাপুর ফরিদপুর ব্লকের পাটশাওড়া গ্রামের বাসিন্দা। নাম প্রবীর চক্রবর্তী। পেশায় তিনি পোস্ট অফিসের এজেন্ট হিসেবে কাজ করেন বলে জানা যায়। তিনি বলেন, পোস্ট অফিসের গ্রাহকদের টাকা এক সঙ্গে করে আমি নিয়ে যাচ্ছিলাম। অন্য কোনও অভিসন্ধি তার নেই। তবে আইন মোতাবেক তার টাকা বাজেয়াপ্ত করে, পুলিশ জানায়, সঠিক তথ্য প্রমাণাদি এনে জমা করলে তার টাকা তিনি ফেরত পাবেন। নয় তো সমস্ত টাকা ট্রেজারিতে জমা দেওয়া হবে।ভোটের মুখে এক সঙ্গে এতগুলো টাকা উদ্ধার ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।









