Home / খবর / জেলায় জেলায় / ডিসেম্বরে পুরভোট? মেয়াদ শেষের পথে পুরসভাগুলিতে ভোটের ইঙ্গিত অগ্নিমিত্রার

ডিসেম্বরে পুরভোট? মেয়াদ শেষের পথে পুরসভাগুলিতে ভোটের ইঙ্গিত অগ্নিমিত্রার

মেয়াদ শেষের পথে থাকা রাজ্যের পুরসভাগুলিতে আগামী ডিসেম্বরেই পুরভোট হতে পারে। মঙ্গলবার বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়ে এমনই ইঙ্গিত দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

অগ্নিমিত্রা জানান, যেসব পুরবোর্ডের মেয়াদ শেষ হওয়ার মুখে, সেগুলিতে ডিসেম্বর মাসে নির্বাচন করানোর পরিকল্পনা রয়েছে। তবে কোন কোন পুরসভায় ভোট হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

পুরভোটের পাশাপাশি রাজ্যের কয়েকটি পুরসভার পরিস্থিতি নিয়েও এ দিন মুখ খোলেন মন্ত্রী। তাঁর অভিযোগ, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর তৃণমূলের বেশ কয়েকজন পুরপ্রধান পদত্যাগ করে চলে গিয়েছেন। অগ্নিমিত্রার কথায়, “বর্ষার মুখে মানুষকে বিপদে ফেলে রাজ্যের বিভিন্ন পুরসভায় তৃণমূলের পুরপ্রধানেরা চেয়ার ছেড়ে পালিয়ে গিয়েছেন। আমরা আপাতত পুরপ্রশাসক বসিয়ে নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছি।”

প্রশাসনিক সূত্রে খবর, পুজোর মরশুমের পর কলকাতা ও হাওড়া পুরসভার ভোট করানোর প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে কলকাতা ও হাওড়ার পুর-ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত বিল বিধানসভায় পেশ করা হতে পারে।

কলকাতা ও হাওড়া-সহ পুরনিগমগুলির নির্বাচন শেষ হওয়ার পর ধাপে ধাপে অন্যান্য পুরসভাতেও ভোট করানোর পরিকল্পনা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। সূত্রের দাবি, আগামী ৭ ডিসেম্বরের মধ্যে কলকাতায় নতুন পুরবোর্ড গঠনের প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

ফিরহাদ হাকিমের ইস্তফার পর বর্তমানে কলকাতা পুরসভায় প্রশাসক বসানো হয়েছে। অন্যদিকে, হাওড়া পুরসভায় শেষ নির্বাচন হয়েছিল ২০১৩ সালে। দীর্ঘদিন ধরে সেখানে নির্বাচিত পুরবোর্ড নেই। এ বার ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাস করে নতুন কাঠামোয় হাওড়াতেও ভোট করানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।

এ দিন বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, আগের সরকারের আমলে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ-সহ বিভিন্ন সরকারি দফতরের কাজ কার্যত থমকে গিয়েছিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই দফতরগুলিকে সক্রিয় করে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *