জলপাইগুড়ি: ভরা বর্ষায় বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল দশম শ্রেণির ছাত্র সোহম বসাকের। শুক্রবার বিকেলে দক্ষিণ গোসাইয়ের হাট সংলগ্ন নদীতে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, পাঁচ বন্ধু একসঙ্গে নদীতে স্নান করতে নেমেছিল। সেই সময় আচমকাই জলের স্রোতে তলিয়ে যায় সোহম। খবর পেয়ে পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন।
শনিবার দীর্ঘ তল্লাশির পর দক্ষিণ গোসাইয়ের হাট সংলগ্ন নদী থেকে সোহমের দেহ উদ্ধার করেন সিভিল ডিফেন্সের কর্মীরা। তাঁকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।









