Home / খবর / জেলায় জেলায় / আসানসোলে আবারও দুই গোষ্ঠীর সংঘর্ষ, উত্তেজনা, পরিস্থিতি সামলাতে পুলিশ

আসানসোলে আবারও দুই গোষ্ঠীর সংঘর্ষ, উত্তেজনা, পরিস্থিতি সামলাতে পুলিশ

আসানসোল: আবারও দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা ও মারপিটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আসানসোল দক্ষিণ থানার এসবি গড়াই রোডের সুকান্ত ময়দান এলাকায়। শনিবার রাতে দুই গোষ্ঠীর সংঘর্ষের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছান আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়।
জানা গেছে, শনিবার রাত সাড়ে নটার পরে সুকান্ত ময়দান এলাকায় বসে থাকার সময় দুই গোষ্ঠীর যুবকদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতি ও মারপিটের পর্যায়ে পৌঁছয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয়ে ওঠে, সে জন্য এলাকায় ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
সুকান্ত ময়দান এলাকায় এর আগেও গোষ্ঠী সংঘর্ষ ও উত্তেজনার ঘটনায় খবরের শিরোনামে এসেছে। নির্বাচনের আগেও এই এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। ফের একই ধরনের ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশের তৎপরতায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করার খবর মেলেনি। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে ।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *