Home / খবর / জেলায় জেলায় / হাটন রোডে পুরনিগমের বুলডোজার, ১৬ মে থেকে বেআইনি দখল উচ্ছেদে বড় অভিযান, চাঞ্চল্য আসানসোলে

হাটন রোডে পুরনিগমের বুলডোজার, ১৬ মে থেকে বেআইনি দখল উচ্ছেদে বড় অভিযান, চাঞ্চল্য আসানসোলে

আসানসোলে এবার বড়সড় উচ্ছেদ অভিযান! হাটন রোডে বেআইনি দখলদারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে পুরনিগম। ১৬ মে সকাল ১১টা থেকে হাটন রোড মোড় থেকে ইসমাইল মোড় পর্যন্ত এলাকাজুড়ে চলবে ব্যাপক উচ্ছেদ অভিযান। ইতিমধ্যেই ব্যবসায়ী সংগঠনকে সরকারি চিঠি পাঠিয়ে প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, রাস্তা দখল করে আর ব্যবসা নয়।

পুরনিগম সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাটন রোড এলাকায় ফুটপাত ও রাস্তার একাংশ দখল করে দোকান, অস্থায়ী স্টল ও বিভিন্ন নির্মাণ গড়ে ওঠায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। সাধারণ মানুষের যাতায়াত কার্যত দুর্বিষহ হয়ে উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এবার অ্যাকশনে নামছে প্রশাসন।

মেয়রের পক্ষ থেকে জারি হওয়া চিঠিতে জানানো হয়েছে, ১৩ মে থেকেই এলাকাজুড়ে মাইকিং ও প্রচার চালানো হবে। যাতে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা আগাম সতর্ক হতে পারেন এবং নিজেরাই দখল সরিয়ে নেওয়ার সুযোগ পান।

জানা গিয়েছে, ব্যবসায়ী নেতা শম্ভুনাথ ঝা-র পক্ষ থেকে বিষয়টি নিয়ে চিঠি দেওয়ার পরই নড়েচড়ে বসে পুরনিগম। একই সঙ্গে আসানসোল চেম্বার অফ কমার্সের কাছেও সহযোগিতার আবেদন জানানো হয়েছে।

প্রশাসনের এই কড়া অবস্থান ঘিরে ইতিমধ্যেই হাটন রোড এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বহু দোকানদার এখন নিজেদের দোকানের সামনের অংশ গুটিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছেন। তবে প্রশ্ন উঠছে, শুধুই ছোট ব্যবসায়ীদের উপর অভিযান চলবে, নাকি বড় দখলদারদের বিরুদ্ধেও সমান কড়া হবে পুর প্রশাসন? ১৬ মে’র অভিযানের দিকে এখন তাকিয়ে গোটা আসানসোল।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *