দুর্গাপুর: নামো সগর ভাঙ্গায় বালাজি কারখানার গেটের সামনে শ্রমিকদের এক জমায়েতে উপস্থিত হয়ে বিজেপি বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। শ্রমিকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রয়োজনে ম্যানেজমেন্টকে “উচিত শিক্ষা” দিতে হবে। তাঁর বক্তব্যে “আলকুশী দাওয়াই” প্রসঙ্গও উঠে আসে, যা উপস্থিত শ্রমিকদের মধ্যে ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়।
বিধায়কের দাবি, যদি শ্রমিকদের ন্যায্য দাবি দীর্ঘদিন উপেক্ষিত হয় এবং কর্তৃপক্ষ সমস্যার সমাধানে উদ্যোগী না হয়, তাহলে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের পথেই এগোতে হবে। তিনি শ্রমিকদের স্বার্থ রক্ষায় পাশে থাকার আশ্বাসও দেন।
এর পাশাপাশি তিনি বলেন, ‘আলকুশী’ দেওয়া হলে কোনও পুলিস কেশ হবে না। কারণ এই আলকুশী ‘ তে কোনও কেশ হয়না, আইনে সেটা নেই।
অন্যদিকে, বিধায়কের এই মন্তব্যকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া শুরু হয়েছে।
একাংশের মতে, এমন বক্তব্য শিল্পাঞ্চলের পরিবেশে উত্তেজনা বাড়াতে পারে। যদিও এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
ঘটনার জেরে বালাজি কারখানার শ্রমিকদের দাবি-দাওয়া এবং শিল্পাঞ্চলের শ্রম-পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।









