কুলটি: ধর্ষণের অভিযোগ দায়ের হওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে দ্রুত পদক্ষেপের নজির গড়ল কুলটি থানার শাঁকতোরিয়া ফাঁড়ি পুলিশ। পশ্চিম বর্ধমান জেলার কুলটির ডিসেরঘর মসজিদপাড়া এলাকার ২৭ বছর বয়সী এক মহিলার অভিযোগের ভিত্তিতে ৪৪ বছর বয়সী মনজুর আলমকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী মহিলার দাবি, অভিযুক্ত দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন করে তাঁর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করতেন। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় শাঁকতোরিয়া ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করে।
অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে প্রায় এক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আসানসোল আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত অভিযুক্তকে ৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।
পুলিশের দাবি, নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং আইনানুগ তদন্ত নিশ্চিত করার নীতির অংশ হিসেবেই এই পদক্ষেপ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশও পুলিশের এই দ্রুত তৎপরতার প্রশংসা করেছেন।
উল্লেখ্য, এর আগেও শাঁকতোরিয়া ফাঁড়ি পুলিশ এক নাবালিকা ধর্ষণের মামলার অভিযুক্তকে অল্প সময়ের মধ্যেই গ্রেফতার করে নজর কেড়েছিল। ফলে নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগে দ্রুত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে শাঁকতোরিয়া ফাঁড়ির সক্রিয় ভূমিকা ফের সামনে এল।
আইনগত সতর্কীকরণ: এই মামলা অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত আইনত নির্দোষ বলে গণ্য হবেন। ঘটনার তদন্ত চলছে।










