Home / খবর / রাজ্য / চিনির কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ মাল মহকুমা প্রশাসনের, সিল হল চিনির গোডাউনও, পরিদর্শন অন্য দোকানেও

চিনির কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ মাল মহকুমা প্রশাসনের, সিল হল চিনির গোডাউনও, পরিদর্শন অন্য দোকানেও

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: গোপন সূত্রে খবর। চিনির বেআইনি মজুদদারির বিরুদ্ধে বড়সড় অভিযান মাল মহকুমা প্রশাসনের। মহকুমা শাসক উৎকর্ষ খাণ্ডালের নেতৃত্বে টাস্ক ফোর্স অভিযানে নামে। নথির সঙ্গে মজুদ চিনি হিসেব না মেলায় সিল করে দেওয়া হয় এক গোডাউন। চিনির দামে জেরবার হচ্ছেন আমজনতা। প্রশাসনের এই তৎপরতা সাময়িক স্বস্তি দিল ক্রেতাদের। এর পাশাপাশি, সবজি বাজার-সহ একাধিক দোকানেও অভিযান চালান মহকুমাশাসক।

চলছে নথি পরীক্ষা।

শনিবার সন্ধ্যায় চালসার গোলাই এলাকা থেকে অভিযান শুরু করে প্রশাসন। অভিযান চলাকালীন একটি গোডাউন থেকে হিসাব বহির্ভূত ৫০ কেজির ৩২৮ বস্তা চিনির সন্ধান মেলে। নথি ঠিক না থাকায় সেই গোডাউন সিল করে দেয় প্রশাসন।

কালোবাজারির বিরুদ্ধে অভিযান।

পরে মিষ্টির দোকান সহ একাধিক দোকানে হানা দেয় টাস্ক ফোর্স। সামগ্রীর গুনগতমান ও মেয়াদ পরীক্ষা করা হয়। বিভিন্ন খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যও পাঠান মহকুমাশাসক। ডোমেস্টিক গ্যাস দোকানে ব্যবহার করায় এক বিক্রেতার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ করা হয়। সবজি ও ফলের বাজারে গিয়ে সামগ্রীর দাম খতিয়ে দেখে টাস্ক ফোর্স।

পরে মেটেলিতে একাধিক দোকান ও গোডাউন পরিদর্শন করে টাস্ক ফোর্স। মহকুমাশাসক ছাড়াও ছিলেন এসডিপিও সুদীপ্ত সরকার, খাদ্য সুরক্ষা আধিকারিক অমিত হিমাংশু মিঞ্জ-সহ অন্য আধিকারিকেরা। বিডিও সুমন্ত ভৌমিক, আইসি মিংমা লেপচা সহ পুলিশ বাহিনী। এই অভিযানের জেরে মেটেলিতে চাঞ্চল্য ছড়ায়। আগামীতেও অভিযান চলবে বলে প্রশাসনিক সূত্রের খবর।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *