জলপাইগুড়ি: ন্যূনতম মজুরি ও জমির পাট্টা নিয়ে ১২ বছর ধরে বঞ্চনার অভিযোগ। গেট মিটিং-সহ আন্দোলনে নামলেন শহর লাগোয়া করলাভ্যালি চা বাগানের শ্রমিকেরা। পুজোর আগে ২০ শতাংশ হারে বোনাসের দাবিও জানালেন আন্দোলনকারীরা।

বুধবার ওই বাগানের চা শ্রমিকেরা এই দুই দাবি নিয়ে গেট মিটিং করল চা শ্রমিকদের যুক্তমঞ্চ জয়েন্ট ফোরাম।জয়েন্ট ফোরামের অভিযোগ, দীর্ঘ প্রায় ১২ বছর ধরে চা শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে। ফলে বঞ্চিত হচ্ছেন হাজার হাজার শ্রমিক।ইতিমধ্যেই সরকারের অ্যাডভাইজারি কমিটির পক্ষ থেকে চা শ্রমিকদের জন্য ২০ শতাংশ বোনাসের ঘোষণা করা হয়েছে। জয়েন্ট ফোরামের দাবি, বাগানের স্থায়ী শ্রমিকদের পাশাপাশি ক্যাজুয়াল, বিঘা, ভাউচার-সহ সমস্ত ধরনের শ্রমিককেই এই বোনাসের আওতায় আনতে হবে। এদিনের গেট মিটিংয়ে বক্তব্য রাখেন গোবিন ওরাও, প্রফুল্ল লাকরা, ধ্রুবজ্যোতি গাঙ্গুলী, শুভাশিস সরকার, সুনিতা বাগ-সহ অন্যান্যরা। এ বিষয়ে বাগান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

চা বাগান মজদুর ইউনিয়নের করলাভ্যালি ইউনিটের সম্পাদক গোবিন ওরাওঁয়ের দাবি, আইন অনুযায়ী চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ৬৬১ টাকা হওয়া উচিত। কিন্তু দীর্ঘ ১২ বছর ধরে সেই মজুরি থেকে শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে। পাট্টা ও মজুরি-সমস্যার দ্রুত সমাধান চাই।’ আগামী ৫ অক্টোবরের মধ্যে শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস দেওয়ারও দাবি জানান হয়।









