Home / খবর / জেলায় জেলায় / ‘নিখোঁজ ফাইল’ কাণ্ডে তোলপাড় দুর্গাপুর, ডিএমসি ঘেরাও বিজেপি বিধায়কদের

‘নিখোঁজ ফাইল’ কাণ্ডে তোলপাড় দুর্গাপুর, ডিএমসি ঘেরাও বিজেপি বিধায়কদের

দুর্গাপুর: নিখোঁজ ফাইল’ ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে দুর্গাপুরে। বুধবার দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন (ডিএমসি)-র সামনে বিক্ষোভে সামিল হলেন সদ্য নির্বাচিত বিজেপি বিধায়কেরা। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই অবস্থান কর্মসূচিতে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে।
বিজেপি বিধায়কদের বিস্ফোরক অভিযোগ—বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই ডিএমসি অফিস থেকে রাতারাতি ১৮টি গুরুত্বপূর্ণ ‘গোপন’ ফাইল সরিয়ে ফেলা হয়েছে। তাঁদের দাবি, ওই ফাইলগুলিতে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির একাধিক প্রমাণ লুকিয়ে ছিল।
দুর্গাপুর পূর্ব ও পশ্চিম—এই দুই কেন্দ্র থেকেই এবারের নির্বাচনে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষ্মণ ঘোরুই। প্রায় এক হাজার সমর্থককে সঙ্গে নিয়ে তাঁরা সরাসরি ডিএমসি অফিসে গিয়ে আধিকারিকদের মুখোমুখি হন এবং নিখোঁজ ফাইল অবিলম্বে প্রকাশ করার দাবি তোলেন।
চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ শানিয়ে বলেন,
“দুর্নীতির প্রমাণ মুছে ফেলতেই এই ফাইল সরানো হয়েছে। আমরা ডিএমসি ক্ষমতায় এসে সব ফাইল উদ্ধার করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।”
অন্যদিকে লক্ষ্মণ ঘোরুই স্পষ্ট জানিয়ে দেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা দুর্গাপুর পুরসভা নির্বাচন আর বিলম্ব করা হবে না। তাঁর কথায়,
“চার বছর ধরে নির্বাচন হয়নি, এটা গণতন্ত্রের পরিপন্থী। আমরা দ্রুত নির্বাচন করাব।”
বর্তমানে ডিএমসি একটি দুই সদস্যের প্রশাসক বোর্ডের অধীনে চলছে। চেয়ারম্যান অনিন্দিতা মুখার্জি এদিন অফিসে উপস্থিত না থাকলেও জানিয়েছেন, “বিক্ষোভের খবর পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হবে।”
এই ঘটনায় নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে শিল্পাঞ্চল দুর্গাপুরে। ‘নিখোঁজ ফাইল’ ইস্যু আগামী দিনে আরও বড় বিতর্কের রূপ নেবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *