উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, ক্যানিং: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে ক্যানিং পশ্চিম বিধানসভার ইটখোলা অঞ্চলের মধুখালী এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা ইন্দ্রজিৎ সর্দার ও তাঁর অনুগামীরা রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে হামলা চালায়। লাঠি ও রড দিয়ে মারধরের পাশাপাশি একাধিক বাড়িতে ভাঙচুর করা হয়। এমনকি শূন্যে গুলিও চালানো হয়েছে বলে দাবি বিজেপির। বন্দুকের বাঁট দিয়েও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
এই ঘটনায় মহিলাসহ একাধিক বিজেপি কর্মী আহত হয়েছেন। গুরুতর জখম হয়েছেন দীপিকা নস্কর ও কবির কৃষ্ণ হালদার। অভিযোগ, হামলার সময় ‘৪ তারিখের পর দেখে নেওয়া হবে’ বলে হুমকিও দেওয়া হয়।
সোমবার বিধানসভা নির্বাচনের গণনা ঘিরে এই ঘটনার রাজনৈতিক তাৎপর্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। বিজেপির দাবি, গণনার দিন তাদের কর্মীদের ভয় দেখিয়ে দূরে রাখতেই এই হামলা চালানো হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশ জানিয়েছে, অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে। গুলি চালানোর দাবি এখনও নিশ্চিত করা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।










