Home / খবর / জেলায় জেলায় / জমি বিবাদে ভাইয়ের উপর অ্যাসিড হামলা বারুইপুরে, অভিযোগ দাদা ও আত্মীয়দের বিরুদ্ধে

জমি বিবাদে ভাইয়ের উপর অ্যাসিড হামলা বারুইপুরে, অভিযোগ দাদা ও আত্মীয়দের বিরুদ্ধে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে চাঞ্চল্যকর হামলার ঘটনা সামনে এল। অভিযোগ, পারিবারিক বিবাদের জেরে এক ব্যক্তির ওপর অ্যাসিড ছুঁড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় টোটন খান নামে ওই ব্যক্তিকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি শনিবার রাতে বারুইপুর থানার অন্তর্গত যোগীবটতলা এলাকার মডার্ন ক্লাব সংলগ্ন এলাকায় ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টোটন খানের সঙ্গে তাঁর মেজো দাদা মমতাজ খানের দীর্ঘদিনের জমি নিয়ে বিবাদ চলছিল। অভিযোগ, সেই বিবাদের জেরেই এই হামলা।

পরিবারের অভিযোগ, শনিবার রাতে মমতাজ খান ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য মিলে টোটনের ওপর প্রথমে অ্যাসিড ছোঁড়ে, বিশেষ করে চোখ লক্ষ্য করে। এরপর দা, শাবল ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

জানা গিয়েছে, ইদের দিন সকাল থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল, যা রাতে মারাত্মক রূপ নেয়। হামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন মমতাজ খানের স্ত্রী বেবি খান, জামাই ভিকি ঘোষ এবং প্রতিবেশী ইয়ারলি খানসহ মোট ছয়জন।

ঘটনার পর অভিযুক্তরা গ্রামেই লুকিয়ে পড়ে বলে জানা যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের আটক করতে গেলে উত্তেজিত গ্রামবাসীদের বাধার মুখে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। পরে অভিযুক্তদের থানায় নিয়ে যাওয়া সম্ভব হয়।

এই ঘটনায় এক নাবালক-সহ মোট ছয়জনকে আটক করেছে পুলিশ। আহতের পরিবারের পক্ষ থেকে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *