আমেরিকার সঙ্গে সম্ভাব্য সমঝোতার জল্পনা ঘিরে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য তৈরি হলেও, সেই আবহেই ইরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল রাশিয়া। তেহরানের ‘বিশ্বস্ত বন্ধু’ হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, কঠিন সময়ে ইরানের পাশে থাকবে তাঁর দেশ।
ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজ়রায়েলের সামরিক অভিযানের শুরু থেকেই তার বিরোধিতা করে আসছে রাশিয়া। শনিবার ইরানি নববর্ষ উপলক্ষে শুভেচ্ছাবার্তায় পুতিন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-কে শুভেচ্ছা জানান। ক্রেমলিনের প্রকাশিত বিবৃতিতে তিনি ইরানকে ‘ভরসাযোগ্য বন্ধু’ বলে উল্লেখ করেন এবং বর্তমান পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাস দেন।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম ‘পলিটিকো’ দাবি করেছিল, আমেরিকার সঙ্গে সমঝোতার পথে এগোতে চায় রাশিয়া। এমনকি ইউক্রেন ইস্যুতে আমেরিকা সাহায্য বন্ধ করলে ইরান থেকে সরে দাঁড়ানোর প্রস্তাবও নাকি মস্কোর তরফে দেওয়া হয়েছিল। যদিও রাশিয়া এই দাবি সম্পূর্ণভাবে খারিজ করেছে।
রাশিয়ার মতে, ইরানের উপর সাম্প্রতিক হামলা গোটা পশ্চিম এশিয়াকে অস্থির করে তুলেছে এবং এর জেরে বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট তীব্র হয়েছে। একইসঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই-এর হত্যারও কড়া নিন্দা জানিয়েছে মস্কো।
অন্যদিকে, পশ্চিমা সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক মোতায়েন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ইরানকে সরবরাহ করেছে রাশিয়া। যদিও এই অভিযোগও অস্বীকার করেছে ক্রেমলিন। পাল্টা, ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে আমেরিকা— এমন অভিযোগও সামনে এসেছে। সব মিলিয়ে রাশিয়া-আমেরিকা-ইরান সমীকরণে কূটনৈতিক টানাপোড়েন আরও জটিল হয়ে উঠছে।










