Home / খবর / রাজ্য / ভোট ঘোষণার ঠিক আগে বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা মমতার

ভোট ঘোষণার ঠিক আগে বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা মমতার

রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে পুরনো বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়া শুরু হচ্ছে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, চলতি মাস অর্থাৎ মার্চ থেকেই এই বকেয়া ডিএ দেওয়া শুরু হবে। রবিবার বিকেল ৪টেয় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার ঠিক আগেই এই ঘোষণা ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

রবিবার বিকেল ৩টে ৫ মিনিটে সমাজমাধ্যমে একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করছে। পোস্টে তিনি লেখেন, “আমাদের মা-মাটি-মানুষের সরকার তার সকল কর্মচারী, পেনশনভোগী, লক্ষ লক্ষ শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী, পঞ্চায়েত-পুরসভার কর্মী ও পেনশনভোগীকে দেওয়া কথা রেখেছে। তাঁরা রোপা-২০০৯ অনুযায়ী বকেয়া ডিএ ২০২৬ সালের মার্চ থেকেই পেতে শুরু করবেন।”

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্য সরকারের অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে বকেয়া অর্থপ্রদানের পদ্ধতি এবং সময়সূচি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ফলে সরকারি কর্মচারী থেকে শিক্ষক, অশিক্ষক কর্মী, পেনশনভোগী এবং পঞ্চায়েত ও পুরসভার কর্মীরাও এই সুবিধার আওতায় আসবেন।

পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ নিয়ে দীর্ঘ দিন ধরেই আন্দোলন চলছে। ২০০৯ সালের বেতন কাঠামো বা রোপা-২০০৯ অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে বার বার পথে নেমেছেন সরকারি কর্মচারীরা। এই ইস্যুতে আইনি লড়াইও গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত।

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার কয়েক মিনিট আগে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা স্বাভাবিক ভাবেই রাজনৈতিক তাৎপর্য বহন করছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এখন নজর থাকবে, এই ঘোষণার পর কর্মচারী মহলের প্রতিক্রিয়া কী হয় এবং বিরোধীরা বিষয়টি নিয়ে কী অবস্থান নেয়।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *