Home / খবর / রাজ্য / ভোট ঘোষণার আগেই রাজ্য পুলিশে বড় রদবদল, বদলি ২৭ ইন্সপেক্টর ও ১২ থানার আইসি

ভোট ঘোষণার আগেই রাজ্য পুলিশে বড় রদবদল, বদলি ২৭ ইন্সপেক্টর ও ১২ থানার আইসি

আজ, রবিবার বিকেল চারটেয় রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার কথা। তার কয়েক ঘণ্টা আগেই রাজ্য পুলিশে বড় রদবদল করল নবান্ন। সূত্রের খবর, ২৭ জন ইন্সপেক্টর এবং ১২টি থানার আইসি-কে বদলি করা হয়েছে। ভোট ঘোষণার ঠিক আগে এই প্রশাসনিক রদবদল ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় একাধিক ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে। পাশাপাশি বিধাননগর পুলিশ কমিশনারেট, বারাকপুর পুলিশ কমিশনারেট এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের বেশ কয়েকটি থানার আইসি-দেরও নতুন জায়গায় পাঠানো হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলাতেও কয়েক জন ইন্সপেক্টরের বদলি হয়েছে বলে জানা গেছে।

নির্বাচন ঘোষণার কয়েক ঘণ্টা আগে রাজ্য পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, বদলি হওয়া আধিকারিকদের যত দ্রুত সম্ভব নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বিধাননগর, দক্ষিণ দিনাজপুর এবং হুগলি-সহ একাধিক জেলায় এই রদবদল কার্যকর হয়েছে।

ভোটের নির্ঘণ্ট ঘোষণার মুখে এমন বদলি নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তাদের বক্তব্য, নির্বাচন ঘোষণার ঠিক আগে পুলিশ প্রশাসনে এই ধরনের পরিবর্তন রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ।

উল্লেখযোগ্য ভাবে, এর আগেও প্রায় তিন সপ্তাহ আগে রাজ্য পুলিশে বড়সড় বদলি করেছিল নবান্ন। তখন চার জন আইপিএস আধিকারিককে সরানো হয়। আলিপুরদুয়ার, বসিরহাট ও জঙ্গিপুরের পুলিশ সুপার এবং পশ্চিমবঙ্গ গোয়েন্দা বিভাগের আইবি-র সিনিয়র সুপারকে বদলি করা হয়েছিল।

প্রসঙ্গত, সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলে রাজ্যে আদর্শ আচরণবিধি জারি হয়ে যায়। তার আগে এই প্রশাসনিক রদবদলকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক চাপানউতোর তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *