অভিষেক সেনগুপ্ত ও বুবাই শীল, জলপাইগুড়ি: প্রাকৃতিক বিপর্যয়কেই কাজে লাগিয়ে দুষ্কর্মের চেষ্টা। বৃহস্পতিবার গভীর রাতে ঝড়-বৃষ্টির সুযোগ নিয়ে এক গৃহস্থবাড়িতে ডাকাতির চেষ্টা শহরের ২০ নম্বর ওয়ার্ডের বামনপাড়া এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
পরিবার সূত্রের খবর, রাতে বাচ্চাদের নিয়ে বাড়িতে একাই ছিলেন দক্ষিণ বামনপাড়ার গৃহবধূ পপি রায় সরকার। রাত সাড়ে ১২টা নাগাদ সশস্ত্র দুই দুষ্কৃতী বাড়িতে ঢুকে পড়ে বলে অভিযোগ। আতঙ্কে স্বামী দীপঙ্কর কে ফোন করেন পপি। সে সময় তিনি কর্মসূত্রে ব্যস্ত ছিলেন। স্ত্রীর কথা শুনে বাড়ির দিকে রওনা দেন দীপঙ্কর। স্বামী ও অন্যদের আসতে দেখে অস্ত্র ফেলেই পালায় দুষ্কৃতীরা। তবে যাওয়ার আগে মারধোর করে ভয় দেখিয়ে যায় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

শুভ্রা দেব, কাউন্সিলার, ২০ নম্বর ওয়ার্ড
ওই এলাকার কাউন্সিলার শুভ্রা দেব বলেন, “ভয়াবহ ঘটনা। পুলিশ প্রশাসনকে বলেছি নজরদারি বাড়াতে।” খবর পেয়েই তড়িঘড়ি ঘটনার তদন্ত শুরু করেছে কোতয়ালি থানার পুলিশ।









