উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: সুন্দরবনের লবণাক্ত জমিতে সূর্যমুখী চাষ করে কৃষকেরা ভালো আয়ের সুযোগ পেতে পারেন—এই লক্ষ্যেই দু’দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল নিমপীঠ শ্রীরামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্র। মঙ্গলবার কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন সাগর ব্লক-এর ৩০ জন কৃষক।
প্রশিক্ষণ শিবিরে কৃষিবিজ্ঞান কেন্দ্রের একাধিক কৃষি বিশেষজ্ঞ সূর্যমুখী চাষের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। লবণাক্ত জমিতে কীভাবে সফলভাবে সূর্যমুখী চাষ করা যায়, সেই চাষে কী ধরনের পরিচর্যা প্রয়োজন এবং এই ফসলের মাধ্যমে বিকল্প কর্মসংস্থানের সুযোগ কীভাবে তৈরি হতে পারে—তা নিয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ ছাড়াও রোগ ও পোকার আক্রমণ থেকে সূর্যমুখী ফসলকে কীভাবে রক্ষা করা যায়, সে বিষয়েও বিশেষভাবে আলোচনা করা হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে কৃষকদের একটি সূর্যমুখী বাগানেও নিয়ে যাওয়া হয়, যেখানে মাঠ পর্যায়ে চাষের পদ্ধতি দেখানো হয়।
দু’দিনের এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কৃষকেরা। তাঁদের আশা, এই প্রশিক্ষণের মাধ্যমে সুন্দরবনের লবণাক্ত জমিতেও সূর্যমুখী চাষ করে ভবিষ্যতে ভালো আয়ের পথ খুলে যাবে।









