রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য চালু হওয়া ‘যুবসাথী’ প্রকল্পের টাকা শনিবার থেকেই আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে বলে ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে জানানো হয়েছিল, আগামী ১ এপ্রিল থেকে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। তবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেই সময়সীমা এগিয়ে এনে শনিবার থেকেই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার আন্তর্জাতিক নারী দিবসের আগে শনিবার কলকাতার ধর্মতলা মেট্রো চ্যানেল-এ আয়োজিত কর্মসূচির মঞ্চ থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আগে বলেছিলাম ১ এপ্রিল থেকে যুবসাথীর টাকা দেওয়া হবে। কিন্তু আন্তর্জাতিক নারী দিবসের উপহার হিসেবে সেই দিন বদলে আজ, শনিবার থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।”
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে এই প্রকল্পে বিপুল সাড়া মিলেছে। তাঁর কথায়, ২১ থেকে ৪০ বছর বয়সি প্রায় ৯০ লক্ষ থেকে ১ কোটি যুবক-যুবতী এই প্রকল্পের জন্য আবেদন করেছেন। তবে যারা ইতিমধ্যেই পড়াশোনার জন্য বৃত্তি পান, তাদের এই প্রকল্পের আওতায় ধরা হয়নি। এই প্রকল্পে আবেদনকারীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
জেলা ভিত্তিক আবেদনের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলা থেকে মোট ৯ লক্ষ ৩৪ হাজার ২৮৫টি আবেদন জমা পড়েছে। এর পরেই রয়েছে মুর্শিদাবাদ, যেখানে ৭ লক্ষ ১৪ হাজার ১৩৩টি আবেদন জমা পড়েছে। তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা, যেখানে মোট ৭ লক্ষ ২০ হাজার ৭০টি আবেদন জমা পড়েছে।
উল্লেখ্য, চলতি বছরের বিধানসভার অন্তর্বর্তীকালীন বাজেটে ‘যুবসাথী’ প্রকল্প চালুর ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রথমে জানানো হয়েছিল, ১৫ অগস্ট থেকে এই প্রকল্প চালু হবে। পরে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, ১ এপ্রিল থেকে প্রকল্পটি কার্যকর করা হবে।
এই লক্ষ্যেই রাজ্য জুড়ে ব্লকভিত্তিক শিবির এবং অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণের ব্যবস্থা করা হয়। গত ১৫ ফেব্রুয়ারি শিবরাত্রির দিন থেকে রাজ্য জুড়ে শিবির করে আবেদনপত্র বিলি ও জমা নেওয়ার কাজ শুরু হয়। সেই প্রক্রিয়া শেষ হওয়ার আগেই এবার ঘোষণা করা হল, শনিবার থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে ‘যুবসাথী’ প্রকল্পের টাকা পৌঁছতে শুরু করবে।










