Home / খবর / জেলায় জেলায় / যুদ্ধ পরিস্থিতিতে দুবাইয়ে আটকে আসানসোলের ২০ পর্যটক, সহযোগিতা না করার অভিযোগ ভারতীয় দূতাবাসের বিরুদ্ধে

যুদ্ধ পরিস্থিতিতে দুবাইয়ে আটকে আসানসোলের ২০ পর্যটক, সহযোগিতা না করার অভিযোগ ভারতীয় দূতাবাসের বিরুদ্ধে

আসানসোল: গত মাসের ২৫ তারিখে দুবাই ভ্রমণে গিয়েছেন আসানসোলের ২০ জন পর্যটক। কিন্তু ইজরায়েল ও ইরানের যুদ্ধ পরিস্থিতির জেরে তাঁদের দেশে ফেরার বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

একটি ট্রাভেল এজেন্সির মালিক নীলকণ্ঠ চট্টোপাধ্যায় জানান, ২৫ তারিখে তিনি সৌদি আরবের দুবাইয়ে একটি ট্যুরের আয়োজন করেছিলেন। সেই অনুযায়ী ২০ জন পর্যটককে নিয়ে তিনি দুবাইয়ে গিয়েছিলেন। কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতির কারণে তাঁরা দেশে ফেরার চেষ্টা করলেও বর্তমানে দুবাইয়ের একটি হোটেলে আটকে পড়েছেন।

তাঁদের অভিযোগ, সেখানে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও রকম সহযোগিতা তো দূরের কথা, বরং চরম অসহযোগিতা ও দুর্ব্যবহারের সম্মুখীন হতে হয়েছে। উল্লেখ্য, এই পর্যটকদের মধ্যে আসানসোল শিল্পাঞ্চলের শিল্পপতি মাধব রায়, প্রভাকর রায়সহ আরও অনেকেই রয়েছেন।

ট্রাভেল এজেন্সির মালিক নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের বক্তব্য, ঘন ঘন বোমার শব্দে তাঁরা আতঙ্কের মধ্যে রয়েছেন। তাঁদের দেশে ফেরার কথা ছিল চলতি মাসের ৩ তারিখে, কিন্তু বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় তা সম্ভব হয়নি। বর্তমানে তাঁরা ওমান, কুয়েতসহ এমন কোনও দেশ থেকে বিমান পরিষেবা চালু রয়েছে কিনা তা খতিয়ে দেখে সেখান থেকে পর্যটকদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন।

এই বিষয়ে মহকুমা শাসকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে তিনি বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সরকারি স্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন, যাতে আটকে পড়া পর্যটকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা যায়।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *