সাহিত্য ও সংস্কৃতির আবহে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবে অনুষ্ঠিত হল সাহিত্য পত্রিকা ‘পল্লবী’-র ২৮তম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান। হুগলির চুঁচুড়াভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বেদান্ত চুঁচুড়া-র উদ্যোগে বৃহস্পতিবার (৫ মার্চ, ২০২৬) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে ‘পল্লবী’ পত্রিকা নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। সাহিত্যচর্চার পাশাপাশি সমাজের নানা স্তরের মানুষের পাশে দাঁড়ানোও সংগঠনের অন্যতম লক্ষ্য। বেকার যুবকদের সৃজনশীল কাজে যুক্ত করা, দুঃস্থ ছাত্রছাত্রীদের শিক্ষায় সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে সংগঠনটি কাজ করে চলেছে।
কলকাতায় অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশিষ্ট সংগীতশিল্পী রামানুজ দাশগুপ্তসহ একাধিক বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতি জগতের ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাহিত্য পাঠ, কবিতা আবৃত্তি এবং সংগীত পরিবেশনার মধ্য দিয়ে এক সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয়।
আয়োজকদের মতে, সাহিত্য ও সংস্কৃতির চর্চার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। নতুন সংখ্যার প্রকাশের মাধ্যমে তরুণ ও নবীন লেখকদের জন্যও একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি হয়েছে বলে জানান সংগঠনের সদস্যরা।










