রাজ্যে এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। শনিবার প্রকাশিত এই তালিকায় দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গে মোট প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। তবে এখনও প্রায় ৬০ লক্ষ নাম যাচাই প্রক্রিয়ার মধ্যে থাকায় ভবিষ্যতে আরও নাম বাদ পড়তে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।
গত বছরের অক্টোবর মাসে রাজ্যে বিশেষ সংশোধন কর্মসূচি (এসআইআর) শুরুর ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর ৪ নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি শুরু করেন। ১৬ ডিসেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছিল। কমিশনের দাবি ছিল, মৃত ভোটার, অন্যত্র স্থানান্তরিত ব্যক্তি এবং একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের তালিকা থেকে সরানো হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর আরও প্রায় ৭ লক্ষ নাম বাদ পড়ায় মোট সংখ্যা দাঁড়াল ৬৫ লক্ষে।
এদিকে এখনও প্রায় ৬০ লক্ষ ভোটারের নথি যাচাই চলছে। সেই প্রক্রিয়া শেষ হলে বাদ পড়া নামের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
ভোটার তালিকা সংশোধন ঘিরে শুরু থেকেই রাজনৈতিক চাপানউতোর চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, বিভিন্ন অজুহাতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেস নেতা তন্ময় ঘোষ বলেন, এসআইআর-এর নামে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে এবং বৈধ ভোটারের নাম বাদ গেলে রাজনৈতিক ও আইনি লড়াই চালানো হবে।
অন্যদিকে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, ভোটার তালিকা প্রকাশের পর লাভ-ক্ষতির হিসাব করা রাজনৈতিক দলের কাজ নয়। তাঁর মতে, চূড়ান্ত তালিকা সামনে রেখেই গণতান্ত্রিক লড়াইয়ে নামাই প্রধান দায়িত্ব।
৬৫ লক্ষ নাম বাদ পড়ার ঘটনায় কোন রাজনৈতিক দল সুবিধা বা অসুবিধায় পড়তে পারে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। এসআইআর প্রক্রিয়ার বাকি যাচাই শেষ না হওয়া পর্যন্ত এই বিতর্ক আরও জোরদার হওয়ার সম্ভাবনাই দেখছেন পর্যবেক্ষকরা।










