আসানসোল জেলা আদালতে আবারও হুমকি মেল বুধবার সকালে। আর সেই মেল থেকে বোমাতঙ্ক ছড়ালো আসানসোল জেলা আদালতে।
এই নিয়ে পরপর দুদিন আসানসোল জেলা আদালতে হুমকি মেল এল। মঙ্গলবার হুমকি মেল এসেছিল তামিলনাড়ু থেকে। বুধবার সকাল এগারোটা নাগাদ মেল এসেছে কোয়েম্বাটুর থেকে বলে জানান, পশ্চিম বর্ধমান জেলা ডিস্ট্রিক্ট জাজেস কোর্টের চীফ এ্যাডমিনিস্ট্রেশান অফিসার ভরত দাস।
সঙ্গে সঙ্গে মেলের কথা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে। এরপরই স্নিফার ডগ বা ডগ স্কোয়াড ও বোম স্কোয়াড নিয়ে আদালতে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস সহ পুলিশ আধিকারিকদের বিশাল বাহিনী। গোটা আদালত চত্বরকে ফাঁকা করে দেওয়া হয়। শুরু হয় তল্লাশি। স্নিফার ডগ দিয়ে গোটা আদালত চত্বর পরীক্ষা করানো হয়। তার সঙ্গে মেটাল ডিটেক্টর দিয়েও করানো হয় পরীক্ষা। কিন্তু কিছু পাওয়া যায়নি।
এদিন আসা মেলে বলা হয়েছে, নামাজের পরে জেলা জজ ভবনে রাখা আরডিএক্স ফাটাবে। বাংলা ও ইংরেজিতে লেখা আছে এই মেল। স্বাভাবিক ভাবেই মঙ্গলবারের মতো বুধবারও আসানসোল জেলা আদালতের স্বাভাবিক কাজকর্ম ব্যহত হয়।










