Home / খবর / রাজ্য / ‘প্রতিষ্ঠা-লগ্ন থেকে দলের জন্য প্রাণপাত…,’ মুকুল রায়ের প্রয়াণে শোকস্তব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

‘প্রতিষ্ঠা-লগ্ন থেকে দলের জন্য প্রাণপাত…,’ মুকুল রায়ের প্রয়াণে শোকস্তব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

প্রবীণ রাজনীতিক মুকুল রায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সমাজমাধ্যমে শোকবার্তা দিয়ে তিনি জানান, দীর্ঘদিনের সহকর্মী ও রাজনৈতিক সহযোদ্ধার এই আকস্মিক প্রয়াণ তাঁকে মর্মাহত করেছে।

নিজের বার্তায় মুখ্যমন্ত্রী মুকুল রায়ের সঙ্গে দীর্ঘ রাজনৈতিক পথচলার স্মৃতি তুলে ধরেন। তিনি লেখেন, তৃণমূলের প্রতিষ্ঠালগ্ন থেকে দলের সংগঠন গড়ে তোলা এবং বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মুকুল রায়ের। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি। রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে মতপার্থক্য তৈরি হলেও বাংলার রাজনীতিতে তাঁর অবদান অস্বীকার করা যায় না বলেই উল্লেখ করেন মমতা। তিনি লেখেন, “প্রয়াত মুকুল রায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা-লগ্ন থেকে দলের জন্য প্রাণপাত করেছেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, দলের সর্বস্তরে তাঁর গ্রহণযোগ্যতা ছিল। পরে তিনি ভিন্ন পথে যান, আবার ফিরেও আসেন। বাংলার রাজনীতিতে তাঁর অবদান এবং সাংগঠনিক দক্ষতার কথা ভোলার নয়। দলমত নির্বিশেষে তাঁর অভাব অনুভব করবে রাজনৈতিক মহল।”

মুকুল রায় এক সময় তৃণমূল কংগ্রেস-এর অন্যতম স্তম্ভ হিসেবে পরিচিত ছিলেন। পরে তিনি দলত্যাগ করে অন্য রাজনৈতিক শিবিরে যোগ দেন। তবে পরবর্তীতে আবারও পুরনো দলে প্রত্যাবর্তন করেন। সেই ওঠাপড়ার প্রসঙ্গও শোকবার্তায় ইঙ্গিত করেন তৃণমূল নেত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, দলমত নির্বিশেষে রাজনৈতিক মহলে মুকুল রায়ের অভাব অনুভূত হবে। পাশাপাশি শোকবার্তায় তিনি মুকুল রায়ের পরিবার, বিশেষ করে তাঁর পুত্র শুভ্রাংশু রায়ের প্রতি সমবেদনা জানান এবং কঠিন সময়ে দৃঢ় থাকার বার্তা দেন।

মুকুল রায়ের প্রয়াণে রাজ্য রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *