Home / খবর / জেলায় জেলায় / প্রেমের সম্পর্কের নামে ১৫ লক্ষ টাকা প্রতারণা, বৃহন্নলার অভিযোগে গ্রেফতার দুর্গাপুরের যুবক

প্রেমের সম্পর্কের নামে ১৫ লক্ষ টাকা প্রতারণা, বৃহন্নলার অভিযোগে গ্রেফতার দুর্গাপুরের যুবক

দুর্গাপুর : প্রেমের সম্পর্কের নামে আর্থিক প্রতারণার অভিযোগে দুর্গাপুর শিল্পাঞ্চলে চাঞ্চল্য।

দুর্গাপুরের শ্যামপুর কলোনির বাসিন্দা রজত দাসের বিরুদ্ধে প্রায় ১৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ করেছেন হাওড়ার বাসিন্দা এক বৃহন্নলা। তার লিখিত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রজত দাসকে গ্রেফতার করেছে দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ।

জানা যায়, ২০১৭ সালে সমাজ মাধ্যম বা সোশাল মিডিয়ার মাধ্যমে হাওড়ার বাসিন্দা ওই বৃহন্নলার সঙ্গে দুর্গাপুরের রজত দাসের পরিচয় হয়। প্রথম থেকেই রজত বৃহন্নলার পরিচয় জানতেন। এরপর দু’জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে।

অভিযোগ, ব্যবসা শুরু করার কথা বলে এবং বিভিন্ন সময়ে নানা অজুহাতে রজত তাঁর কাছ থেকে ধাপে ধাপে মোট প্রায় ১৫ লক্ষ টাকা নেন। দীর্ঘদিনের বিশ্বাসের সম্পর্ক থাকায় তিনি কোনও সন্দেহ করেননি। ২০২২ সালে টাকা ফেরত চাইলে সম্পর্কের অবনতি ঘটে এবং দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়। শেষ পর্যন্ত উপায় না দেখে তিনি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুরের কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দু’দিন আগে ওই বৃহন্নলা গোটা বিষয়টি নিয়ে কোকওভেন থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ বৃহস্পতিবার রাতে শ্যামপুরের বাড়ি থেকে অভিযুক্ত রজত দাসকে গ্রেফতার করে। শুক্রবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তার জামিন নাকচ করে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

এই প্রসঙ্গে ওই বৃহন্নলা বলেন, আমি চাই রজত দাসের কড়া শাস্তি হোক। পুলিশ আমাকে সবরকম ভাবে সহযোগিতা করবে বলে জানিয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *