কোলফিল্ড টাইমস সাপ্তাহিক সংবাদপত্রের প্রাক্তন স্টাফ রিপোর্টার চন্দন বন্দ্যোপাধ্যায় প্রয়াত। দীর্ঘদিন ধরে তিনি লিভারের অসুখে ভুগছিলেন। শুক্রবার রাত ২টো নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর।
২০০৪ সালে চন্দন বন্দ্যোপাধ্যায় কোলফিল্ড টাইমস সাপ্তাহিক সংবাদপত্রে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন। জেলা ডেস্কের কাজ সামলানোর পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিক হিসেবে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পাঠকের সামনে তুলে ধরেছিলেন। পরে একাধিক দৈনিক সংবাদপত্র ও নিউজ পোর্টালের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
সম্প্রতি অনলাইন কোলফিল্ড টাইমস-এ ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করছিলেন। কিন্তু অসুস্থতার কারণে সেটাও অনিয়মিত হয়ে পড়ে। শেষ বার, গত ২৬ জানুয়ারি, কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণ থেকে একটি ফেসবুক লাইভও করেন। তাঁর প্রয়াণে সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ।










