রাজ্যের বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। এরই মধ্যে ক’দফায় ভোট হবে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, বাংলায় এক দফাতেই বিধানসভা নির্বাচন করাতে প্রস্তুত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফতর।
জানা যাচ্ছে, জাতীয় নির্বাচন কমিশন মতামত চাইলে বাংলার নির্বাচন এক দফায় করার পক্ষে সওয়াল করবে মনোজ আগরওয়ালের নেতৃত্বাধীন সিইও দফতর। এক দফাতেই গোটা নির্বাচন সম্পন্ন করার জন্য প্রশাসনিকভাবে তারা প্রস্তুত রয়েছে—এ কথাও জানানো হতে পারে কমিশনকে। তবে ক’দফায় ভোট হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র জাতীয় নির্বাচন কমিশনের হাতেই।
প্রতি নির্বাচনের সময়ই বাংলায় হিংসা ও অশান্তির অভিযোগ ওঠে। বোমাবাজি, সংঘর্ষের মতো ঘটনা সামনে আসে। এক দফায় ভোট হলে অশান্তির সুযোগ কমে যেতে পারে বলে মনে করছেন একাংশের রাজনৈতিক পর্যবেক্ষক। তবে এর সঙ্গে জড়িয়ে রয়েছে বড় প্রশ্ন—কেন্দ্রীয় বাহিনীর পর্যাপ্ত যোগান। কারণ, এ বছর বাংলার পাশাপাশি আরও কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই পরিস্থিতিতে বাংলায় এক দফায় ভোট হলে প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী সরবরাহ করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
এক দফা ভোটের সম্ভাবনা নিয়ে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “যারা ভাল খেলে, তারা সব পিচেই সেঞ্চুরি হাঁকায়। আমরা মানুষকে নিয়ে চিন্তিত, কত দফায় ভোট হচ্ছে তা নিয়ে নয়।” অন্যদিকে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার জানান, “এই সিদ্ধান্ত সম্পূর্ণ নির্বাচন কমিশনের। তারা যত দফাই নির্ধারণ করবে, আমরা তার জন্য প্রস্তুত।”









