Home / খবর / জেলায় জেলায় / বারুইপুর থানায় চালু সাইবার সেল ও মহিলা হেল্প ডেস্ক, নিরাপত্তা জোরদারে পুলিশের নতুন উদ্যোগ

বারুইপুর থানায় চালু সাইবার সেল ও মহিলা হেল্প ডেস্ক, নিরাপত্তা জোরদারে পুলিশের নতুন উদ্যোগ

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করা এবং ক্রমবর্ধমান সাইবার প্রতারণা রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বারুইপুর থানার পুলিশ। মঙ্গলবার বারুইপুর থানায় আনুষ্ঠানিকভাবে চালু হল পৃথক সাইবার সেল ও মহিলাদের জন্য বিশেষ হেল্প ডেস্ক। এই নতুন পরিষেবার উদ্বোধন করেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত বলেন, অনেক সময় মহিলারা থানায় এসে নিজেদের সমস্যা বা অভিযোগ জানাতে সংকোচ বোধ করেন। সেই বিষয়টি মাথায় রেখেই মহিলা হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এখানে মহিলারা সরাসরি মহিলা পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগ জানাতে পারবেন, ফলে আরও স্বাচ্ছন্দ্যে সাহায্য পাওয়া সম্ভব হবে।

অন্যদিকে, দিন দিন বাড়তে থাকা সাইবার প্রতারণার ঘটনা মোকাবিলায় থানায় গঠন করা হয়েছে পৃথক সাইবার সেল। বারুইপুর থানার আইসি অর্ধেন্দুশেখর দে সরকার জানান, সাইবার প্রতারণার ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাকা খোয়া যাওয়ার পর যত দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, অর্থ উদ্ধারের সম্ভাবনা ততটাই বাড়ে। সেই কারণেই ২৪ ঘণ্টা চালু থাকবে এই সাইবার ডেস্ক। অভিযোগ পেলেই দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশাবাদী পুলিশ।

এদিন পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, গত কয়েক মাসে চুরি বা হারিয়ে যাওয়া প্রায় ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি, সম্প্রতি সাইবার প্রতারণার শিকার হয়ে লক্ষাধিক টাকা হারানো এক তরুণীর টাকার বড় অংশ উদ্ধার করে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে পুলিশ।

বারুইপুর পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, এই নতুন পরিষেবা এলাকায় নিরাপত্তা ও সচেতনতা—দু’দিকই আরও মজবুত করবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *