Home / খবর / জেলায় জেলায় / নরেন্দ্রপুরের পর সোনারপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, একাধিক দোকান ক্ষতিগ্রস্ত

নরেন্দ্রপুরের পর সোনারপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, একাধিক দোকান ক্ষতিগ্রস্ত

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সোনারপুর: নরেন্দ্রপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল সোনারপুরে। সোমবার গভীর রাতে সোনারপুরের মিশনপল্লী এলাকায় ভয়াবহ আগুন লাগে। রাত প্রায় ১টা নাগাদ একটি দোকানে আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি দোকানে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। দমকলের দু’টি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারাও প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন।

এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্ট করে জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে দমকল ও পুলিশ প্রশাসনের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে অল্প সময়ের মধ্যেই দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা এলাকা।

ঘটনায় কোনও হতাহতের খবর নেই। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *