Home / খবর / জেলায় জেলায় / পানীয় জলের পাইপলাইনের ভালভ খুলে বিক্ষোভ মহিলাদের, এক সপ্তাহ ধরে জল না পাওয়ার অভিযোগ

পানীয় জলের পাইপলাইনের ভালভ খুলে বিক্ষোভ মহিলাদের, এক সপ্তাহ ধরে জল না পাওয়ার অভিযোগ

বরাকর : পানীয় জলের তীব্র সংকটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের কুলটি বিধানসভার ৫৯ নম্বর ওয়ার্ডের বরাকর দাসপাড়া এলাকা।

অভিযোগ, গত এক সপ্তাহ ধরে ওই এলাকায় পানীয় জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে এলাকার মহিলাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরাকর দাসপাড়ায় দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যা চলছে। এর আগেও একাধিকবার এলাকার বাসিন্দারা পথ অবরোধ সহ বিভিন্নভাবে বিক্ষোভ দেখালেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। প্রতিবারই আশ্বাস মিললেও বাস্তবে পরিস্থিতির কোনও পরিবর্তন ঘটেনি বলে অভিযোগ। সকালে নলকূপে পানীয় জল না আসায় ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার মহিলারা।

প্রথমে তাঁরা বরাকর ফাঁড়ি পুলিশের কাছে গিয়ে তাঁদের সমস্যার কথা জানান। তবে তাৎক্ষণিক কোনও সমাধান না মেলায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এরপর ক্ষুব্ধ মহিলারা মেন পানীয় জলের পাইপলাইনের ভালভ (চাবি) খুলে নিয়ে এসে পাড়ার মধ্যে বিক্ষোভ শুরু করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বরাকর ফাঁড়ির পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে এবং দ্রুত পানীয় জলের সমস্যার সমাধানের আশ্বাস দেয়। পুলিশের আশ্বাসে শেষে মহিলারা পাইপলাইনের ভালভের চাবি পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব এলাকার পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হবে। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত সমস্যার স্থায়ী সমাধান না হলে তাঁরা ফের বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *