আসানসোল: আগামীকাল ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আসানসোল শহর ও সংলগ্ন শিল্পাঞ্চল জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আসানসোল রেলস্টেশনে বিশেষভাবে নিরাপত্তা তল্লাশি অভিযান চালানো হয়।
আরপিএফ ও জিআরপি-র যৌথ উদ্যোগে রেলস্টেশন চত্বরে গুরুত্বপূর্ণ চেকিং করা হয়। সন্দেহজনক কোনও বস্তু বা পার্সেল চিহ্নিত করতে ডগ স্কোয়াডের সাহায্যে বিভিন্ন পার্সেল ও লাগেজ পরীক্ষা করা হয়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনের প্রতিটি গুরুত্বপূর্ণ অংশে নজরদারি বাড়ানো হয়েছে।
অন্যদিকে, আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে শহর ও আশপাশের এলাকাগুলিতে ব্যাপক নাকা চেকিং চালানো হচ্ছে। কুলটি, ঝাড়খণ্ড সংলগ্ন এলাকা, পুরুলিয়া লাগোয়া অঞ্চল, পাশাপাশি বাঁকুড়া, রানিগঞ্জ, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর ও পানাগড়, এই সমস্ত এলাকায় পুলিশি তৎপরতা চোখে পড়ছে।
পুলিশ কমিশনারেট সূত্রে জানানো হয়েছে, প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে কোনও রকম বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই লক্ষ্যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রবেশ ও প্রস্থান পথে চেকিং চালানো হচ্ছে।










