কলকাতা: প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন শনিবার সকালে ফের নিরাপত্তা ঘিরে উদ্বেগ বাড়াল রেড রোডের ঘটনা। কড়া নিরাপত্তার মধ্যেই গার্ডরেল ভেঙে মহড়ার এলাকায় ঢুকে পড়ে একটি বেপরোয়া বিলাসবহুল গাড়ি। সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত না হলেও, শহরের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা বলয়ের ভিতরে কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্রস্তুতি চলছিল। সেই সময় একটি বিলাসবহুল গাড়ি দ্রুত গতিতে রেড রোড থেকে পার্ক স্ট্রিটের দিকে যাওয়ার চেষ্টা করে। কর্তব্যরত পুলিশ গাড়িটিকে থামানোর চেষ্টা করলে চালক গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করেন। এর পরই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারের গার্ডরেলে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষে গাড়ির বাঁ দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরপরই ময়দান থানার পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করে এবং চালককে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়িটির বিমা ও দূষণ সংক্রান্ত শংসাপত্রের মেয়াদ উত্তীর্ণ ছিল। বৈধ নথিপত্র না থাকায় চালক ভয় পেয়ে পালানোর চেষ্টা করেছিলেন কি না, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনার জেরে আবারও ২০১৬ সালের স্মৃতি ফিরে এসেছে। সেবারও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়ার সময় রেড রোডে ব্যারিকেড ভেঙে ঢুকে পড়া একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল ভারতীয় বায়ুসেনার অফিসার অভিমন্যু গৌড়ের। শনিবারের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি আরও বাড়ানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।










