জলপাইগুড়ি: সরস্বতী পুজোর সকালে মর্মান্তিক ঘটনা। সাতসকালে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে ট্রেনে কাটা পড়লেন এক গৃহবধূ। মৃতের নাম অঞ্জনা ধর (৪৫)। আত্মীয় পরিজনদের সঙ্গে হলদিবাড়ি-কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস ধরে তারাপীঠে যাওয়ার কথা ছিল তাদের। ঘটনার জেরে প্লাটফর্মেই দীর্ঘ সময় আটকে থাকে ট্রেন। রেলপুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দলবেঁধে কলকাতায় যাচ্ছিলেন সবাই। চলন্ত সুপারফাস্ট এক্সপ্রেসে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নীচে পড়ে যান অঞ্জনা। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। সম্বিত কাটিয়ে চিৎকার শুরু করেন মৃতার পরিজনেরা। অবস্থা দেখে চেন টেনে ট্রেন থামিয়ে দেন যাত্রীরা। নেমে পড়েন অনেক যাত্রীই। স্টেশনে ট্রেন থাকায় দীর্ঘ সময় ১ নম্বর ঘুমটির রেলগেট বন্ধ থাকে৷ ব্যাপক যানজটেরও সৃষ্টি হয় ওই এলাকায়।
মৃতের এক আত্মীয়া বলেন, “আমরা সবাই মিলে তারাপীঠে পুজো দিতে যাচ্ছিলাম। চোখের সামনেই এই ঘটনা ঘটে গেল। মৃতার এক পুত্র সন্তান রয়েছে। কিছু বলার ভাষা নেই।” এক প্রত্যক্ষদর্শী বলেন, “চোখের সামনেই মুহুর্তের মধ্যে ঘটনাটি ঘটে গেল।










