জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল ১০ জন ভারতীয় সেনা জওয়ানের। বৃহস্পতিবার দুপুরে ভদ্রওয়াহ এলাকায় ভদ্রওয়াহ–চম্বা সড়কের খন্নী টপের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর একটি গাড়ি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। গাড়িটিতে অন্তত ২০ জন সেনাকর্মী ছিলেন বলে সেনা সূত্রে জানা গিয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সেনা ও পুলিশের যৌথ দল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার অভিযান। এখনও পর্যন্ত ১০ জন জওয়ানের দেহ উদ্ধার হয়েছে। গুরুতর আহত আরও ১০ জনকে দ্রুত বিমানে করে উধমপুরের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সেনার হোয়াইট নাইট কোর এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত জওয়ানেরা একটি অভিযানে যাচ্ছিলেন। খারাপ আবহাওয়া ও দুর্গম পাহাড়ি পথে চলাচলের সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। হতাহতের সংখ্যা নিয়ে সেনার তরফে এখনও চূড়ান্ত তথ্য জানানো হয়নি।










