উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ার নামে গরিব মানুষের হয়রানি, হেনস্তা এবং ভোটার তালিকার ত্রুটি নিয়ে প্রতিবাদে সরব হল সিপিএম। মঙ্গলবার জয়নগর ১ নম্বর ব্লকের বহড়ু বিডিও অফিসে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে সিপিআইএমের জয়নগর ১ নম্বর এরিয়া কমিটি।
সিপিএমের অভিযোগ, ২০০২ সাল থেকেই যাঁদের নাম ভোটার তালিকায় রয়েছে, তাঁদেরও অকারণে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এসআইআর-এর নামে গরিব মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে এবং মৃত ভোটারদের নাম এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। পাশাপাশি নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দাবিও তোলা হয় এদিনের কর্মসূচিতে।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়নগর ১ নম্বর এরিয়া কমিটির সম্পাদক আবদুল ওদুদ, সিপিআইএম নেতা অশোক সাহা, অপূর্ব প্রামাণিক, শ্যামলী হালদার-সহ দলের একাধিক কর্মী ও সমর্থক।
এদিন প্রতিনিধিদল জয়নগর ১ নম্বর বিডিও শুভদীপ দাসের কাছে নিজেদের দাবিসংক্রান্ত ডেপুটেশন জমা দেন। বিডিও শুভদীপ দাস বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে।










