দুর্গাপুরের বামুনারা শিল্প তালুকে একটি বেসরকারি কারখানার গেট অবরোধ করে মঙ্গলবার সকালে বিক্ষোভ দেখাল বিজেপি।
অভিযোগ, বিজেপি করার কারণেই ওই বেসরকারি কারখানার কর্মী রবীন্দ্রনাথ ঘোষকে কাজ থেকে বসানো হয়েছে। তিনি দুর্গাপুর পূর্ব বিধানসভার ২৪৭ নং বুথের সভাপতি বলে দাবি করা হয়েছে পদ্ম শিবিরের তরফে। বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জির দাবি, রাজনৈতিক পরিচয়ের কারণেই তাকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঘোষ নিজেও এই একই দাবি করেন।
তিনি এদিন সকালে অন্যদের সঙ্গে কারখানা গেটে ধর্ণায় বসেন। তিনি বলেন, সোমবার আমাকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। তবে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে।
শাসক দলের অঞ্চল কনভেনার বিকাশ রায় জানায়, কাজ না থাকায় ঠিকা শ্রমিক হিসেবে তাঁকে বসানো হয়েছে, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। তার দাবি, অন্য কারখানায় তো বিজেপির কর্মীরা চাকরি করেন। তাদেরকে কি বসানো হয়েছে?
এদিন বিক্ষোভ চলাকালীন কারখানা সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়ায়। বিজেপির পাশাপাশি শাসক দলের নেতা ও কর্মীরা পতাকা নিয়ে সেখানে আসে। খবর পেয়ে এলাকায় পুলিশ আসে। পুলিশ পরিস্থিতি সামাল দেয়। তবে এই নিয়ে কারখানা কর্তৃপক্ষ কিছু বলতে চায়নি।










