উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: বর্তমান প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ কমে যাওয়ার অভিযোগ নতুন নয়। মোবাইলের প্রতি আসক্তির প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে। সেই পরিস্থিতিতে খেলাধুলার জগতে ছাত্রদের ফেরাতে উদ্যোগী হল জয়নগর থানা এলাকার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বহড়ু উচ্চ বিদ্যালয়।
বহড়ু উচ্চ বিদ্যালয় ও বিদ্যালয় পরিচালন সমিতির উদ্যোগে বৃহস্পতিবার স্কুল মাঠে ক্রীড়া প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর ১ নম্বর ব্লকের বিডিও শুভদীপ দাস, জয়নগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, জেলা পরিষদ সদস্য বন্দনা লস্কর, শিক্ষা কর্মাধ্যক্ষ মানস নস্কর, ভূমি কর্মাধ্যক্ষ শুকুর আলী, কৃষি কর্মাধ্যক্ষ শান্তনু মালিক, বহড়ু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চম্পক মিশ্র, শিক্ষক লস্কর জাহাঙ্গীর আহমেদ, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি ইন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা।
শিবিরের উদ্বোধন করে বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, স্কুলস্তরে খেলাধুলাকে ফিরিয়ে আনার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিধায়ক হিসেবে তিনি এই কর্মসূচির পাশে থাকবেন বলেও আশ্বাস দেন। বিডিও শুভদীপ দাস বলেন, মোবাইলের অভ্যাস থেকে ছাত্রদের দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এই উদ্যোগ সফল হোক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক চম্পক মিশ্র জানান, পঞ্চম থেকে দশম শ্রেণির ছাত্রদের অ্যাথলেটিক্স, ভলিবল, ফুটবল ও ক্রিকেটে প্রশিক্ষণ দেওয়া হবে। ভবিষ্যতে দক্ষ খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যেই এই ক্রীড়া প্রশিক্ষণ শিবিরের পথচলা শুরু হল।










