Home / খবর / শিল্প-বাণিজ্য / ১ ফেব্রুয়ারি রবিবার, সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করা নিয়ে ধোঁয়াশা কাটাল কেন্দ্র

১ ফেব্রুয়ারি রবিবার, সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করা নিয়ে ধোঁয়াশা কাটাল কেন্দ্র

রীতি মেনেই আগামী ১ ফেব্রুয়ারি সংসদে পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট। চলতি বছরে ১ ফেব্রুয়ারি রবিবার পড়ায় বাজেটের দিন নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে সূত্রের খবর, রবিবারই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

বুধবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে সংসদীয় বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে বাজেট অধিবেশনের দিনক্ষণ চূড়ান্ত হয়। তার পরেই সিদ্ধান্ত হয়, একদিন পিছিয়ে নয়— ১ ফেব্রুয়ারিতেই বাজেট পেশ করা হবে। সাম্প্রতিক কালে এই প্রথম রবিবার সংসদে বাজেট পেশ হতে চলেছে।

কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, ২৮ জানুয়ারি যুগ্ম সংসদীয় অধিবেশনের মাধ্যমে বাজেট অধিবেশন শুরু হবে। ২৯ জানুয়ারি সংসদে পেশ করা হবে অর্থনৈতিক সমীক্ষা। বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলবে ২৮ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব বসবে ৯ মার্চ থেকে ২ এপ্রিল।

ইতিমধ্যেই বাজেট প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে। ইতিহাস গড়ে টানা নবমবার কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন। এর আগে সবচেয়ে বেশি বার বাজেট পেশ করার রেকর্ড রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের। তিনি ১০ বার বাজেট পেশ করেছিলেন। পি চিদাম্বরম নয়বার এবং প্রণব মুখোপাধ্যায় আটবার বাজেট পেশ করেন।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় বাজেট পেশ করার রীতি চালু হয়েছে। তার আগে প্রতি বছর ২৮ ফেব্রুয়ারি বাজেট পেশ করা হত। অরুণ জেটলির অর্থমন্ত্রী থাকাকালীন এই পরিবর্তন করা হয়, যাতে ১ এপ্রিল নতুন অর্থবর্ষ শুরুর সঙ্গেই বাজেট কার্যকর করা সম্ভব হয়।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *