Home / খবর / জেলায় জেলায় / এসআইআর শুনানিতে এসে হৃদ্‌রোগে আক্রান্ত বৃদ্ধার মৃত্যু, ব্যারাকপুরে তোলপাড়

এসআইআর শুনানিতে এসে হৃদ্‌রোগে আক্রান্ত বৃদ্ধার মৃত্যু, ব্যারাকপুরে তোলপাড়

খসড়া ভোটার তালিকায় নাম না থাকায় এসআইআর শুনানিতে হাজির হয়েও শেষরক্ষা হল না। ব্যারাকপুর ২ নম্বর ব্লক বিডিও অফিসে শুনানিতে এসে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনায় নতুন করে বিতর্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃতের নাম রত্না চক্রবর্তী (৬২)। তিনি নৈহাটি বিধানসভার জেঠিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ৭৭ নম্বর বুথের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, খসড়া তালিকায় নাম না থাকায় শুনানির নোটিস পেয়ে সোমবার ব্যারাকপুর ২ নম্বর বিডিও অফিসে হাজির হন তিনি। শুনানির মধ্যেই অসুস্থ বোধ করেন রত্নাদেবী। দ্রুত তাঁকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় কল্যাণীর জহরলাল নেহেরু মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

ঘটনাকে কেন্দ্র করে গুরুতর অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়ক সনত দে। তাঁর দাবি, এসআইআর শুনানিতে প্রশ্নের মুখে পড়েই মানসিক চাপে ভেঙে পড়েন রত্না চক্রবর্তী। বিধায়কের কথায়, “শুনানিতে জিজ্ঞাসাবাদের পরই তিনি ঘাবড়ে যান। এরপরই হার্ট অ্যাটাক হয়। এই মৃত্যুর জন্য এসআইআর প্রক্রিয়ার অমানবিক চাপই দায়ী।”

উল্লেখ্য, গোটা রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। বহু পরিবার দাবি করেছে, শুনানির আতঙ্ক ও চাপেই অসুস্থ হয়ে পড়ছেন সাধারণ মানুষ। এর আগেও দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এসআইআর শুনানির নোটিস পাওয়ার পর আতঙ্কে এক বৃদ্ধের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। অক্সিজেন সাপোর্ট নিয়ে হাজিরা দিতে গিয়ে যাতায়াতের ধকলেই তাঁর মৃত্যু হয়েছিল বলে দাবি পরিবারের।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *