পুরুলিয়া: পাহাড়ে চড়ার প্রশিক্ষণের পাশাপাশি পাহাড় পরিষ্কার ও পরিবেশ রক্ষার বার্তা দিল দুর্গাপুর অ্যাডভেঞ্চার অ্যান্ড নেচার লাভার্স অ্যাসোসিয়েশন। তাদের উদ্যোগে পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে ২৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হল পাহাড়ে চড়ার প্রশিক্ষণ শিবির।
এই শিবিরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ৯০ জন বিভিন্ন বয়সের ছেলে-মেয়ে অংশ নেয়। প্রশিক্ষণ চলাকালীন পাহাড়ে চড়ার কৌশল, নিরাপত্তা সংক্রান্ত নিয়মকানুন হাতে-কলমে শেখানো হয়। শিক্ষার্থীদের জন্য রক ক্লাইম্বিং বেসিক কোর্স ও অ্যাডভান্স কোর্সের ব্যবস্থাও করা হয়।
প্রশিক্ষণ শেষে পরীক্ষার আয়োজন করা হয়। বেসিক কোর্সে মেয়েদের মধ্যে সেরা হন কাজল কুমারী শর্মা এবং ছেলেদের মধ্যে প্রথম হন মহম্মদ আরমান মোল্লা। অ্যাডভান্স কোর্সে সেরার শিরোপা জেতেন আকাশ রায়। পাশাপাশি অন্বেষা ঘোষ ও শিবাঙ্গী থাপা পান বেস্ট পারফর্মারের স্বীকৃতি। বেস্ট ট্রেনি নির্বাচিত হন প্রীতি দত্ত।

পাহাড় চত্বর পরিষ্কার রাখা ও সহ-প্রশিক্ষণার্থীদের পরিবেশ সচেতন করতে প্রীতির ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য বলে জানান উদ্যোক্তারা। শিবিরে অংশ নেওয়া মাত্র ৫ বছরের এক শিশু তার দক্ষতা ও সাহসিকতায় সকলের প্রশংসা কুড়িয়েছে।










