নতুন বছরের প্রথম দিনে শহরজুড়ে উৎসবের আমেজ, মন্দির থেকে পর্যটনস্থলে উপচে পড়া ভিড়। সমস্ত ছবি ধরা পড়ল রাজীব বসুর ক্যামেরায়
নতুন বছরের প্রথম দিনেই উৎসবমুখর হয়ে উঠল কলকাতা ও তার আশপাশ। সকাল থেকে শহরের নানা প্রান্তে দেখা গেল মানুষের ঢল—কোথাও প্রার্থনা, কোথাও বিনোদন, আবার কোথাও পারিবারিক আনন্দে মেতে উঠলেন মহানগর।

বছরের শুরুতেই আশীর্বাদ কামনায় দক্ষিণেশ্বর কালীমন্দিরে পুজো দিতে ভিড় জমান ভক্তরা। একই ছবি ধরা পড়ল কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসব ঘিরে। ভোর থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে অসংখ্য মানুষ।

নতুন বছরের আনন্দে পিছিয়ে নেই পর্যটন কেন্দ্রগুলিও। ইকো পার্কে সকাল থেকেই কচিকাঁচাদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসে নতুন বছরকে আনন্দে স্বাগত জানান অনেকেই।

বছরের শুরুতেই চিড়িয়াখানাতেও দেখা গেল দর্শনার্থীদের ভিড়, বিশেষ করে শিশুদের সঙ্গে অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

নতুন বছরের প্রথম দিনে ঐতিহ্যবাহী প্রিন্সেপ ঘাটেও ছিল উৎসবের আবহ।

অন্যদিকে, আর সি টি সি রেস কোর্সে নতুন বছরের ডার্বি দেখতে উপচে পড়ল ক্রীড়াপ্রেমীদের ভিড়।

ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরেও দেখা গেল নতুন বছরের আনন্দ। মায়েদের হাত ধরে কচিকাঁচারা ঘুরে বেড়াল সবুজ প্রাঙ্গণে, ক্যামেরাবন্দি করল বছরের প্রথম দিনের স্মৃতি।

সব মিলিয়ে, বছরের প্রথম দিনেই প্রার্থনা, বিনোদন ও উৎসবের রঙে রাঙিয়ে তুলল শহরবাসী—নতুন বছরকে স্বাগত জানাল উচ্ছ্বাস আর প্রত্যাশায়।










