Home / খবর / রাজ্য / নতুন বছরের শুরুর দিনেও কনকনে শীত, ঘন কুয়াশার সতর্কতা রাজ্য জুড়ে

নতুন বছরের শুরুর দিনেও কনকনে শীত, ঘন কুয়াশার সতর্কতা রাজ্য জুড়ে

শীতের কলকাতা। ছবি: রাজীব বসু

নতুন বছরের প্রথম দিনেই কুয়াশার চাদরে ঢেকে গেল রাজ্য-সহ দেশের একাধিক প্রান্ত। তার সঙ্গে জাঁকিয়ে বসেছে শীত। উত্তর থেকে দক্ষিণ—সর্বত্রই কনকনে ঠান্ডার দাপট অনুভূত হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন এই শীতের আমেজ বজায় থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের ৮টি জেলা এবং দক্ষিণবঙ্গের ২টি জেলায় ঘন কুয়াশা দেখা যাবে। ফলে ভোর ও রাতের দিকে দৃশ্যমানতা কমতে পারে বলে সতর্ক করা হয়েছে।

শুধু কুয়াশাই নয়, শীতও এখনই বিদায় নিচ্ছে না। বছরের শেষের মতোই নতুন বছরের শুরুতেও রাজ্যবাসীকে জাঁকিয়ে শীত উপভোগ করতে হবে। যদিও তাপমাত্রা আরও কমবে কি না, সে বিষয়ে নির্দিষ্ট কোনও পূর্বাভাস দেওয়া হয়নি, তবে উত্তুরে হাওয়ার দাপটে ঠান্ডা অনুভূত হবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।

এদিকে বৃহস্পতিবার ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায়। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ১০টি জেলায় কুয়াশার প্রভাব থাকবে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে তার পরের কয়েক দিন আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ নতুন বছরের শুরুতেও উৎসবের মেজাজে শীতের কাঁপুনি নিয়েই দিন কাটাতে হবে রাজ্যবাসীর।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *