Home / খবর / রাজ্য / নতুন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্যে প্রথমবার কোনো মহিলা আইএএস এই পদে

নতুন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্যে প্রথমবার কোনো মহিলা আইএএস এই পদে

রাজ্যের প্রশাসনে গুরুত্বপূর্ণ বদল। মনোজ পন্থের মেয়াদ শেষ হওয়ায় রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে নিযুক্ত হলেন নন্দিনী চক্রবর্তী। এই প্রথমবার রাজ্যের মুখ্যসচিব পদে কোনও মহিলা আইএএস অফিসার দায়িত্ব পেলেন। বর্তমানে তিনি রাজ্যের স্বরাষ্ট্রসচিবের দায়িত্বে ছিলেন। অন্যদিকে, প্রাক্তন মুখ্যসচিব মনোজ পন্থকে প্রিন্সিপাল সেক্রেটারি টু চিফ মিনিস্টার পদে নিয়োগ করা হয়েছে।

মনোজ পন্থের নির্ধারিত মেয়াদ আগেই শেষ হয়েছিল। পরে ছ’মাসের জন্য তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়। সেই বর্ধিত মেয়াদ আজ, ৩১ ডিসেম্বর শেষ হল। ভোটের আগে আরও ছ’মাসের জন্য মেয়াদ বৃদ্ধির আবেদন করে দিল্লির ডিওপিটি-তে পাঠানো হলেও তা অনুমোদন পায়নি।

১৯৯৪ সালের ক্যাডারের আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তী রাজ্যের প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞ। পর্যটন দফতর-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরে তিনি সচিব পদে দায়িত্ব সামলেছেন। এক সময় রাজভবনের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। লা গণেশন রাজ্যপাল থাকাকালীন সেই পদে নিযুক্ত হন নন্দিনী। পরে সি ভি আনন্দ বোস রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর নবান্ন ও রাজভবনের মধ্যে সংঘাতের আবহে নন্দিনী চক্রবর্তীকে ঘিরে বিতর্ক তৈরি হয়।

রাজ্যপালের একটি অনুষ্ঠানের পর বিরোধী দলের নেতাদের মুখে তাঁকে নিয়ে নানা মন্তব্য শোনা যায়। বিজেপি নেতারা তাঁকে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বলেও আখ্যা দেন। পরে রাজ্যপাল তাঁকে রাজভবনের দায়িত্ব থেকে অব্যাহতি দিলেও নবান্ন থেকে তাঁকে সরানো হয়নি। এরপর তাঁকে পর্যটন দফতরের সচিব করা হয় এবং পরে স্বরাষ্ট্রসচিব পদে দায়িত্ব পান।

এবার সেই নন্দিনী চক্রবর্তীই রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন। একই সঙ্গে স্বরাষ্ট্রসচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে জগদীশ প্রসাদ মিনাকে। প্রশাসনিক মহলের মতে, রাজ্যের আমলাতন্ত্রে এই পরিবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *