Home / খবর / রাজ্য / কলকাতা ও শহরতলিতে বিজেপির লক্ষ্য ২০ আসন, নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা দিয়ে গেলেন অমিত শাহ

কলকাতা ও শহরতলিতে বিজেপির লক্ষ্য ২০ আসন, নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা দিয়ে গেলেন অমিত শাহ

কলকাতায় অমিত শাহ। ছবি: রাজীব বসু

কলকাতা ও সংলগ্ন শহরতলিতে সংগঠন শক্তিশালী করতে বিজেপি কর্মীদের সামনে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চারটি লোকসভা কেন্দ্রের অধীনে থাকা ২৮টি বিধানসভা আসনের মধ্যে অন্তত ২০টিতে জয় ছিনিয়ে আনার লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে—এমনই নির্দেশ দিয়ে দিল্লি ফিরে গেলেন তিনি।

বুধবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে আয়োজিত ‘মহানগর কর্মী সম্মেলন’-এ উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম ও যাদবপুর—এই চার সাংগঠনিক জেলার বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন। বুথ স্তর থেকে জেলা নেতৃত্ব পর্যন্ত দলীয় পদাধিকারীরা সম্মেলনে যোগ দেন। মূল বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে শাহ মহানগরে বিজেপির বর্তমান দুর্বলতাও স্পষ্ট করে তুলে ধরেন।

দলের অন্দরমহলের খবর, শাহ কর্মীদের মনে করিয়ে দেন যে কলকাতা ও শহরতলির কোনও বিধানসভা আসন এখনও বিজেপির দখলে নেই। অথচ অতীতে কী ভাবে অল্প সময়ের মধ্যেই রাজ্যে দলটি বিধানসভা ও লোকসভায় আসনসংখ্যা বাড়াতে পেরেছিল, সেই উদাহরণও তিনি টানেন। পাশাপাশি সাম্প্রতিক লোকসভা নির্বাচনে ভোটের হার বৃদ্ধি পাওয়ার বিষয়টি উল্লেখ করে সংগঠনের উপর আরও জোর দেওয়ার বার্তা দেন।

সম্মেলনের শুরুতে সমাজমাধ্যমে সরাসরি সম্প্রচার হলেও শাহ পৌঁছোনোর পর তা বন্ধ করে দেওয়া হয়। দলের একাংশের মতে, মহানগরকে কেন্দ্র করে যে কঠোর লক্ষ্য তিনি ঘোষণা করেন, তা প্রকাশ্যে ছড়িয়ে পড়ুক—এমনটা শীর্ষ নেতৃত্ব চাইছিল না।

প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তর কলকাতার দু’টি বিধানসভা এলাকায় বিজেপি এগিয়ে থাকলেও বাকি ২৬টি আসনে তৃণমূল কংগ্রেসের কাছে পিছিয়ে ছিল তারা। সেই প্রেক্ষিতেই আসন্ন বিধানসভা লড়াইয়ের আগে কলকাতা ও শহরতলিতে ‘২০ আসনের লক্ষ্য’ বেঁধে দিয়ে সংগঠনকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন অমিত শাহ।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *